বেলুচিস্তানে ভূমিকম্প, নিহত ৪৬
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ দুর্গম এলাকায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮। এতে কমপক্ষে ৪৬ জনের প্রাণহানি ঘটেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থার দেওয়া তথ্যমতে, ভূমিকম্পপ্রবণ বেলুচিস্তান প্রদেশ থেকে ১৪৫ মাইল দক্ষিণ-পূর্ব দালাবিন এলাকায় স্থানীয় সময় বিকেল চারটা ২৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল ভূত্বক থেকে ১৫ মাইল গভীরে।
কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের করাচি এবং ভারতের রাজধানী নয়াদিল্লিতেও ভূকম্পন অনুভূত হয়েছে। সেখানকার কিছু ভবনকে কেঁপে উঠতে দেখা গেছে।
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও এই প্রদেশে লোকসংখ্যা সবচেয়ে কম। কর্মকর্তারা বলেছেন, ভূমিকম্প যেখানে আঘাত হেনেছে সে এলাকায় জনবসতি একেবারেই কম। এ কারণে বেশি প্রাণহানি ঘটেনি। ইরানের সীমান্তসংলগ্ন ওই এলাকার অধিকাংশ ঘর মাটির তৈরি।
বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার আবদুল কুদ্দুস রয়টার্সকে বলেছেন, সেখানকার প্রায় ৩০ ভাগ ঘরবাড়ি ভেঙে গেছে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ গিলানি বলেছেন, তাঁরা উদ্ধার তত্পরতা শুরু করেছেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন।