বেলুনটি উড়ে উড়ে পাড়ি দিল ছয় হাজার মাইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষ উপলক্ষে মজা করতে আকাশে একটি বেলুন উড়িয়েছিল ওরা। ভেবেছিল, বড়জোর মাইল কয়েক যেতে পারে বেলুনটি। কিন্তু ওদের তাক লাগিয়ে উড়তে উড়তে এটি পাড়ি দিল দীর্ঘ ছয় হাজার মাইল। পৌঁছে গেল দূরদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার লাওসে। যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোল্টনের বাড়ি থেকে বেলুনটি আকাশে উড়িয়েছিল তিন শিশু অ্যাবি (৬), এলা (৭) ও পিটার (৪)। সম্পর্কে ওরা ভাইবোন। সেদিন ছিল নববর্ষের আগের দিন। সন্ধ্যায় বেলুনটি ওড়ানোর সময় সঙ্গে একটি চিরকুট দেয় ওরা। আর দেয় একটি স্ট্যাম্প। অ্যাবির জন্মদিন উপলক্ষে এই মজা করে ওরা। এরপর বেলুনটির কথা একদম ভুলে যায় তিন ভাইবোন। থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মিয়ানমার বেষ্টিত ছোট্ট দেশ লাওসের মেকং নদীর তীরে অ্যাবিদের ওড়ানো বেলুনটি কুড়িয়ে পান চ্যাং নামের এক ব্যক্তি। বিষয়টি জানিয়ে তিনি অ্যাবিদের কাছে একটি পোস্টকার্ড পাঠান।অ্যাবির মা ওয়েন্ডি বলেন, পোস্টকার্ডটি আসার আগ পর্যন্ত বেলুনটির কথা তাঁদের মনেই ছিল না। পোস্টকার্ড আসার কারণ উদ্ধারে তাঁদের কয়েক মিনিট লেগে যায়।ওয়েন্ডি বলেন, ‘আমি সত্যিই অবাক হয়েছি যে, বেলুনটি এত দূর চলে গেছে! আমরা বেলুনটিতে একটি প্রথম শ্রেণীর স্ট্যাম্প দিয়েছিলাম। আমাদের ধারণা ছিল, বেলুনটি বড়জোর ওয়েলস বা কর্নওয়াল পর্যন্ত যেতে পারে।’চ্যাং বলেন, হাতির ছবি আঁকা পোস্টকার্ডটি পাঠাতে তাঁকে একটি নতুন স্ট্যাম্প কিনতে হয়েছে। পোস্টকার্ডে এশিয়া ও ইংল্যান্ডের খাবার ও আবহাওয়ার তফাত নিয়ে তিনি মন্তব্য করেন। ডেইলি মেইল অনলাইন।