বেলুনে চেপে বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ রকম বিয়ের দৃশ্য আগে কেউ কখনো দেখেনি। গত শুক্রবার কলকাতার সল্ট লেকের স্পোর্টস কমপ্লেক্সের আকাশে যেন স্বর্গ নেমে এসেছিল। আর সেই স্বর্গে বসে নতুন জীবনের সূচনা করলেন সন্তোষ ও অমৃতা। কালো একটি বেলুনে চেপে আংটি বদল ও মালা পরিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তাঁরা চুম্বন করলেন একে অপরকে।বর সন্তোষ জয়সওয়ালের আদি বাড়ি উত্তর প্রদেশে হলেও বর্তমানে থাকেন কলকাতার কাঁকুরগাছিতে। জন্ম, পড়াশোনা, ব্যবসা—সবকিছুই কলকাতায়। তিনি এমবিএ স্নাতক। কনে অমৃতা জয়সওয়ালের বাড়ি উত্তর প্রদেশের লক্ষেৗয়ে। তিনি এমবিএ পড়ছেন।শুক্রবার দুপুরে দিল্লির বেলুনিং ক্লাব থেকে আনা ৭০ ফুট লম্বা ও ৫০ ফুট চওড়া কালো একটি বেলুনে চড়ে আংটি বদল করেন এই নবদম্পতি। তারপর মালাবদল। এই বেলুনে চড়ে বিয়ে করার জন্য সন্তোষ আগেই ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, রাজ্য পুলিশ ও জেলা প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। বেলুনটি ১৫০ ফুট ওপরে ওঠার পর সন্তোষ আংটি পরিয়ে দেন অমৃতাকে। তারপর দুজনে মালা বদল করে একে অপরকে চুম্বন করেন। সন্তোষ বলেন, তিনি সব সময় স্বপ্ন দেখতেন, তাঁর বিয়ের ক্ষণটি হবে সত্যিকার অর্থেই অভিনব ও মধুময়।মাঠে সমবেত আত্মীয়স্বজনের করতালি ও আনন্দধ্বনির মধ্যে ড্রামসের তালে তালে হেঁটে গিয়ে তাঁরা বেলুনে চেপে বসেন। বেলুনটি মুহূর্তে সাদা ধোঁয়া ছেড়ে আকাশে উড়াল দেয়। প্রায় এক ঘণ্টা পরিভ্রমণের পর মালাবদল শেষে তাঁরা পৃথিবীতে নেমে আসেন।