বেশির ভাগ সেনা প্রত্যাহার ‘এই বসন্তেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে অবস্থানরত ‘বেশির ভাগ’ মার্কিন সেনাসদস্যকে আসন্ন বসন্তের মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মধ্যে এ ব্যাপারে গত শুক্রবার মতৈক্য হয়েছে। ওবামা প্রশাসন আফগানিস্তানে চলমান দীর্ঘ ও অজনপ্রিয় যুদ্ধের অবসানের লক্ষ্যে সেখান থেকে দ্রুত সেনা প্রত্যাহার করে নিতে আগ্রহী। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে গত শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের প্রেসিডেন্ট আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের সঙ্গে সমঝোতা আলোচনা অব্যাহত রাখার পক্ষে মতামত ব্যক্ত করেন। এ ছাড়া যত শিগগির সম্ভব একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সম্পাদনের ব্যাপারে উভয় নেতা অঙ্গীকার করেন। বারাক ওবামা বলেন, আসন্ন বসন্ত থেকে মার্কিন সেনারা ভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করবে। তারা আফগান সেনাদের প্রশিক্ষণ ও পরামর্শসহ বিভিন্ন সহায়তা দেবে। ঐতিহাসিক এই পদক্ষেপের ফলে আফগানিস্তান তাদের সার্বভৌমত্ব অর্জনের পথে আরেক ধাপ এগিয়ে যাবে। আল-কায়েদা ও সহযোগী জঙ্গিদের দমনের ব্যাপারে যুক্তরাষ্ট্র লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে আফগান প্রেসিডেন্ট কারজাই ‘অত্যন্ত খুশি’ হয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তানের গ্রামগুলো থেকে সরে গেলে স্থানীয়দের নিরাপত্তার দায়িত্ব আফগান সেনারাই পালন করবে। রয়টার্স ও বিবিসি।