বেসমেন্টে ১০০ কোটি ডলারের কোম্পানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্ল রদ্রিগেজ। ছবি বিবিসির সৌজন্যে।
কার্ল রদ্রিগেজ। ছবি বিবিসির সৌজন্যে।

আজ থেকে ১৬ বছর আগে যখন প্রতিষ্ঠিত চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কার্ল রদ্রিগেজ, তখন বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা এর বিপক্ষেই দাঁড়িয়েছিলেন। সবাই ভেবেছিলেন, স্রেফ মাথা খারাপ হয়ে গেছে তাঁর। এর সঙ্গে যোগ হয়েছিল জীবিকা নির্বাহের দুশ্চিন্তা। সব মিলিয়ে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন কার্ল। 


এসব ঘটনা তাঁকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। নিজের বাড়ির বেসমেন্টে শুরু করেন নিজের স্বপ্নের প্রকল্প। অথচ কর্মী বলতে ছিলেন কার্ল একাই। তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করা কার্ল বলেন, ‘সবাই ভাবতে শুরু করেছিল যে আমার বুদ্ধি লোপ পেয়েছে। কেউ কেউ আবার ভাবছিল, আমি হয়তো মাদক নিচ্ছি। কিন্তু আমার লক্ষ্য ছিল এমন কিছু তৈরির করা, যা আমি সত্যিই পছন্দ করি। আমি জানতাম না কী করছি! কিন্তু আমি মনে করেছিলাম যে এটি সফল হবে।’

২০০১ সালে ওই বেসমেন্টেই একটি কম্পিউটার পণ্য তৈরির রূপরেখা চূড়ান্ত করেন কার্ল। এ জন্য তাঁকে এক মাস পরিশ্রম করতে হয়। তিনি এমন এক সফটওয়্যার-ব্যবস্থা তৈরির পরিকল্পনা করেছিলেন, যার মাধ্যমে ল্যাপটপ থেকেই মোবাইল ফোন নিয়ন্ত্রণ করা যায়। পরে এই সফটওয়্যার-ব্যবস্থাটিই ব্যাপক বিক্রি হওয়া কম্পিউটার পণ্যের তালিকায় জায়গা করে নেয়।

এরপর কার্ল এসওটিআই নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্রথম এক বছর বিপণন ছিল বেশ নড়বড়ে। কিন্তু হঠাৎ করেই যুক্তরাজ্যের সবচেয়ে বড় সুপারমার্কেট কোম্পানি এই সফটওয়্যারের প্রতি আকৃষ্ট হয়। এতে কপাল খুলে যায় কার্লের। ২০ হাজার ইউনিটের কার্যাদেশ পায় তাঁর প্রতিষ্ঠান।

ওই সুপারমার্কেট কোম্পানি থেকে যখন যোগাযোগ করা হয়েছিল, তখনো কিন্তু কার্ল বেসমেন্টেই ছিলেন। স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘তারা ধারণাই করতে পারেনি যে বেসমেন্টের অফিসে শুধু আমি একাই আছি। বিপণনের কর্মকর্তার সঙ্গে কথা বলতে চেয়েছিল তারা। পরে আমিই কণ্ঠ কিছুটা পরিবর্তন করে আরেক ব্যক্তি সেজে তাদের সঙ্গে কথা বলি।’

এসওটিআই পুরো সফটওয়্যার-ব্যবস্থাটি কখনো বিক্রি করতে চায়নি। এর বদলে নিজেরাই পুরো সেবা দিতে চেয়েছিল। এতে সফটওয়্যারটি আরও উন্নত করার সম্ভব বলে মনে করে প্রতিষ্ঠানটি।

কার্লের কোম্পানিতে এখন কাজ করেন প্রায় ৭০০ কর্মী। ছবি বিবিসির সৌজন্যে।
কার্লের কোম্পানিতে এখন কাজ করেন প্রায় ৭০০ কর্মী। ছবি বিবিসির সৌজন্যে।

এই কোম্পানির কথা অনেকেই জানে না। কারণ, এটি মক্কেল হিসেবে ব্যক্তিপর্যায়ের চেয়ে কোম্পানিগুলোকে বেছে নিয়েছিল। এখন কোম্পানিটি প্রতিবছর আট কোটি ডলার রাজস্ব দেয়। আর পুরো কোম্পানির মালিক কার্ল ও তাঁর স্ত্রী। বাইরের কোনো বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ নেওয়া হয়নি। ২০০৬ সালে মাইক্রোসফট একে অধিগ্রহণ করতে চেয়েছিল। লোভনীয় সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন কার্ল।

কার্ল রদ্রিগেজের বয়স এখন ৫৫ বছর। পাকিস্তানে জন্মেছিলেন কার্ল। তবে তাঁর বংশের নাড়ি পোঁতা ভারতের গোয়ায়। ১১ বছর বয়সে তিনি সপরিবারে কানাডায় অভিবাসী হন। কার্ল বলেন, ‘বাবা পাকিস্তানে সুখী ছিলেন। কিন্তু মা ভেবেছিলেন সন্তানদের নিরাপদ ভবিষ্যতের কথা।’

কার্ল ইউনিভার্সিটি অব টরন্টো থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করেন। এরপর বেশ কয়েক বছর পরামর্শক হিসেবে একটি কোম্পানিতে চাকরি করেছিলেন তিনি। এরপরই মাথায় চাপে নিজে কিছু করার স্বপ্ন। এখন তাঁর কোম্পানির মূল্যমান ১০০ কোটি ডলারের বেশি। তাঁর অধীনে ২২টি দেশে কাজ করেন ৭০০ কর্মী।

বেসমেন্টের গল্প কিন্তু এখনো শেষ হয়নি। এখনো সেটিই কার্লের কোম্পানির সব কাজের প্রাণকেন্দ্র। তবে আনুষ্ঠানিক মূল কার্যালয় পৃথক দুটি ভবনে রাখা হয়েছে।

বিবিসি অনলাইন অবলম্বনে অর্ণব সান্যাল