বেসরকারি উদ্যোগে মহাকাশ স্টেশনে যাচ্ছে কার্গো যান
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে আজ শনিবার একটি কার্গো জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান স্পেস এক্স। সফল হলে এটাই হবে মহাকাশে বেসরকারি উদ্যোগে কার্গো পাঠানোর প্রথম ঘটনা। বিশ্বের মুষ্টিমেয় কয়েকটি দেশের সরকারেরই কেবল এ কৃতিত্ব রয়েছে। স্পেস এক্স কোম্পানির এই উচ্চাভিলাষী মিশনটি গ্রিনিচ মান সময় আজ সকাল আটটা ৫৫ মিনিটে শুরু হওয়ার কথা। এ সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানেভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে মনুষ্যবিহীন নভোযান ড্রাগনকে নিয়ে ফ্যালকন-৯ নামের রকেট উৎক্ষেপণ করা হবে। স্পেস এক্স যুক্তরাষ্ট্রের কোটিপতি ইন্টারনেট ব্যবসায়ী এলন মাস্কের মালিকানাধীন কোম্পানি। কোম্পানিটির এ প্রচেষ্টা সফল হলে গত বছর শাটল কর্মসূচি বন্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রায় স্তিমিত হয়ে যাওয়া মহাকাশ কার্যক্রম আবার বেগবান হবে বলে ধারণা করা হচ্ছে। আর ব্যর্থ হলে, তা হবে স্পেস এক্স কোম্পানির জন্য বিরাট ধাক্কা। কেননা, ২০১৫ সালের মধ্যে মহাকাশে মানুষবাহী নভোযান পাঠানোর জন্য হাতে গোনা যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে, তার মধ্যে স্পেস এক্স অন্যতম। মনুষ্যবিহীন নভোযান উৎক্ষেপণের এই প্রচেষ্টা সেই পথে প্রস্তুতিমূলক প্রথম পদক্ষেপ।যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মহাকাশ নীতিবিষয়ক বিশেষজ্ঞ জন লগসডনের মতে, এই প্রচেষ্টা অনেক প্রত্যাশার জন্ম দিয়েছে। পরীক্ষামূলক প্রচেষ্টা হলেও এটা ব্যর্থ হলে তার তাৎপর্য হবে খুবই মারাত্মক। এএফপি।