বেসামরিক আদালতে প্রথম বিচার গুয়ানতানামো বন্দীর
সাবেক এক বন্দীর বিচারের মধ্য দিয়ে প্রথমবারের মতো গুয়ানতানামো বে বন্দিশিবিরের বন্দীর বিচার হতে যাচ্ছে বেসামরিক আদালতে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আদালতে ওই বন্দীর বিচার শুরু হওয়ার কথা।১৯৯৮ সালে তাঞ্জানিয়া ও কেনিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলায় আল-কায়েদাকে সহযোগিতার অভিযোগে আহমেদ খালফান ঘাইলানি নামে তাঞ্জানিয়ার ওই নাগরিকের বিচার করা হবে। ওই হামলায় ২২৪ জন নিহত হয়েছিল।ঘাইলানিকে ২০০৪ সালে পাকিস্তান থেকে আটক করা হয়। ২০০৬ সালে তাঁকে গুয়ানতানামো বে বন্দিশিবিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে বলে দাবি করেছেন তাঁর আইনজীবী।কিউবার গুয়ানতানামোয় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির ওই বন্দিশিবিরের কোনো বন্দীর এর আগে কখনো বেসামরিক আদালতে বিচার হয়নি। বন্দীদের ওপর নির্মম নির্যাতনের জন্য কুখ্যাত এ বন্দিশিবিরটি আগামী জানুয়ারি মাসে বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কাজেই বেসামরিক আদালতে ওই বন্দিশিবিরের এই বন্দীর বিচার গুরুত্বপূর্ণ।নিউইয়র্ক থেকে বিবিসির সাংবাদিক লরা ত্রেভিলিয়ান জানান, ঘাইলানির বিচার সফল হলে নাইন-ইলেভেন হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মাদের বিচার করা ওবামা প্রশাসনের জন্য সহজ হবে।ঘাইলানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, কেনিয়া ও তাঞ্জানিয়ায় মার্কিন দূতাবাসে হামলায় ব্যবহূত গাড়ি ও বিস্ফোরক তিনি কিনেছিলেন এবং আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের সহযোগী হিসেবে কাজ করেছেন।জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক জোনাথন ট্রুলি বলেন, ঘাইলানির ভাগ্যটা ভালো। কারণ, তিনি প্রকাশ্য আদালতে ন্যায়বিচারের সুযোগ পাচ্ছেন। বিবিসি।