বেসামরিক মানুষ হত্যা বন্ধ করো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া বেসামরিক লোকজন হত্যা বন্ধ করতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি আহ্বান জানিয়েছে আরব লিগ। গত শুক্রবার আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।সিরিয়া-সংকটবিষয়ক আরব লীগের মন্ত্রিপরিষদ কমিটি বিবৃতিতে বেসামরিক লোকজনকে রক্ষায় ‘প্রয়োজনীয় পদক্ষেপ নিতে’ দামেস্কের প্রতি আহ্বান জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, সংকট সমাধানের জন্য ‘আন্তরিক সমাধানে’ পৌঁছার চেষ্টায় আজ রোববার কাতারে সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে কমিটি। মন্ত্রীরা বলেন, গত বুধবার তাঁদের সঙ্গে প্রেসিডেন্ট আসাদের ‘মনখোলা ও বন্ধুত্বপূর্ণ’ আলোচনা হয়েছে।এদিকে বেসামরিক লোকজনকে রক্ষায় লিবিয়ার মতো সিরিয়ায়ও ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবি জানিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর হামলায় গত শুক্রবার ৪০ জন গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী নিহত হওয়ার পর বিক্ষোভকারীরা এ আহ্বান জানায়। গত মার্চে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটিতে তিন হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।শুক্রবার হোমসের উপকণ্ঠের বাব তাদমুরে বিক্ষোভকারীরা ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। আন্তর্জাতিক সুরক্ষার দাবিতে নানা ধরনের ব্যানার বহন করে তারা।সিরিয়ান রেভল্যুশন ২০১১ নামের একটি গোষ্ঠীর ফেসবুক পেজে বলা হয়, ‘নো ফ্লাই জোন আরোপের জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে সিরিয়ান ফ্রি আর্মি আরও মুক্তভাবে কাজ করতে পারে।’সেনাবাহিনী ছেড়ে তুরস্কে আশ্রয় নেওয়া সেনা কর্মকর্তা কর্নেল রিয়াদ আল-আসাদ গত জুলাই মাসে বলেছিলেন, ‘সিরিয়ান ফ্রি আর্মি’ নামে বিরোধীদের সশস্ত্র বাহিনী গঠন করা হয়েছে। তবে এ বাহিনীর ক্ষমতা ও সদস্যসংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি।অন্যদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিরাপত্তা বাহিনীর হামলায় ৪০ জন নিহত হয়েছে। তারা জানায়, সর্বশেষ হত্যাকাণ্ডের বেশির ভাগই ঘটেছে হামা ও হোমস শহরে। সংস্থাটি জানায়, জুমার নামাজের পর মুসল্লিরা যাতে বিক্ষোভ করতে না পারে, সে জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা মসজিদগুলো ঘিরে রাখেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালান। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০০ জনেরও বেশি। গ্রেপ্তার করা হয়েছে ৫০০ জনকে।এরই মধ্যে হোমসে সিরিয়ার সেনাসদস্য ও সেনাবাহিনী থেকে পালানো সদস্যদের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ১৭ সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়। সংস্থাটি জানায়, শুক্রবার দিনের শেষভাগে বন্দুকধারীরা সেনাবাহিনীর দুটি তল্লাশি চৌকিতে হামলা চালায়। এ সময় ১৭ জন সেনাসদস্য নিহত হন। বন্দুকধারীরা পক্ষত্যাগী সেনাসদস্য বলে মনে করা হচ্ছে। এএফপি ও বিবিসি।