লিবিয়ার বিদ্রোহীরা অভিযোগ করেছে, বেসামরিক লোকজনকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে ন্যাটো। তারা চুপচাপ বসে আছে। এই সুযোগে গাদ্দাফি বাহিনী নিরীহ লোকজনকে হত্যা করছে। এদিকে লিবিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্রোহীরা অস্ত্র ত্যাগ করলে সংস্কার-প্রক্রিয়া নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে সরকার।বিদ্রোহী নেতা জেনারেল আবদুল ফাত্তাহ ইউনিস গত মঙ্গলবার বেনগাজিতে সাংবাদিকদের জানান, জাতিসংঘের সম্মতি থাকা সত্ত্বেও ন্যাটো বেসামরিক লোকজনকে রক্ষায় কিছু করছে না। আমলাতান্ত্রিক পদ্ধতির কারণে ন্যাটো ত্বরিত কোনো পদক্ষেপ নিতে পারছে না।ইউনিস বলেন, ‘পশ্চিমাঞ্চলের মিসরাতা শহরটি বিদ্রোহীরা এখনো কোনো মতে দখলে রেখেছে। কিন্তু গাদ্দাফি বাহিনী শহরটি ঘিরে আছে। ন্যাটোর উচিত দ্রুত বিমান হামলা চালিয়ে গাদ্দাফি সেনাদের হটিয়ে দেওয়া। তবে ন্যাটো যদি হামলা চালাতে আর এক সপ্তাহ দেরি করে, তাহলে গাদ্দাফির সেনারা শহরটি ধ্বংস করে দেবে। সেখানে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না।’ ইউনিস গত ফেব্রুয়ারিতে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।তবে বিদ্রোহীদের এমন অভিযোগের জবাবে ন্যাটো জানায়, তাদের বিমান হামলায় ইতিমধ্যে গাদ্দাফি বাহিনীর শক্তি এক-তৃতীয়াংশ কমে এসেছে। তারা এখন বেসামরিক এলাকায় ঢুকে পড়ছে, যাতে ন্যাটো বিমান হামলা না চালাতে পারে।ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মার্ক ভান উম বলেন, ‘বেসামরিক লোকজনকে ঢাল হিসেবে ব্যবহার করা হলে আমরা তো সেখানে হামলা চালাতে পারি না।’পরে ব্রাসেলসে ন্যাটোর উপ-মুখপাত্র কারমেন রোমিরো বলেন, ‘লিবিয়ার বিষয়ে জাতিসংঘের গৃহীত প্রস্তাব খুবই স্পষ্ট। কাজেই মিসরাতার বেসামরিক লোকজনকে রক্ষায় আমরা সম্ভাব্য সবকিছু করব। মিসরাতাকেই এখন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’এদিকে লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম জানিয়েছেন, বিদ্রোহীরা অস্ত্র ত্যাগ করলে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে। গত বুধবার সন্ধ্যায় ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে কাইম বলেন, ‘তাদের অবশ্য অস্ত্র ছাড়তে হবে এবং এরপরই কেবল তারা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।’উপপররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনা প্রক্রিয়ার নিশ্চয়তা দেবেন আফ্রিকান ইউনিয়ন (এইউ) ও জাতিসংঘ পর্যবেক্ষকেরা। মৌরিতানিয়া, মালি, কঙ্গো, দক্ষিণ আফ্রিকা ও উগান্ডার নেতাদের নেতৃত্বে এইউর একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটি দল ১৫ এপ্রিল লিবিয়া সফরে যাবে বলে তিনি জানান।খালেদ কাইম আরও জানান, ইউরোপবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আবদেলাতি ওবায়দিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গত সপ্তাহে পদত্যাগ করা মুসা কুসার স্থলাভিষিক্ত হবেন।আজদাবিয়া ও ব্রেগা শহরের কাছে গতকালও বিদ্রোহীদের সঙ্গে গাদ্দাফি বাহিনীর লড়াই হয়েছে বলে বিদ্রোহীরা জানায়। বিদ্রোহীদের বিশেষ বাহিনীর সদস্য মোহাম্মদ আল-মাশরাফি জানান, ব্রেগা শহর গাদ্দাফি বাহিনীর নিয়ন্ত্রণে। নতুন করে অস্ত্র ও গোলাবারুদের সরবরাহ পাওয়ার পর গতকাল সকালে তারা বিদ্রোহীদের ওপর হামলা চালায়। বিদ্রোহীরা ব্রেগা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার পিছু হটে এসেছে। এ ছাড়া আজদাবিয়া শহরেও দুই পক্ষের তুমুল লড়াই চলছে বলে জানান ওই বিদ্রোহী যোদ্ধা। এএফপি, বিবিসি ও রয়টার্স।