রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ লিবিয়ায় বেসামরিক লোকজনের প্রাণহানি এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ আরোপিত নো ফ্লাই জোন যাতে অতিক্রম না হয় তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। গত বৃহস্পতিবার ওবামার সঙ্গে টেলিফোন আলাপে মেদভেদেভ এই আহ্বান জানান।ওবামা জাতিসংঘ আরোপিত নো ফ্লাই জোন প্রস্তাব সম্পর্কে ইতিবাচক মন্তব্য করায় রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তিনি চলতি বছর বিশ্ব বাণিজ্য সংস্থায় রাশিয়ার অন্তর্ভুক্তির ব্যাপারে দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনও পুনর্ব্যক্ত করেন।দুই নেতার আলাপের ব্যাপারে ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপ সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৯৭৩ নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে গিয়ে বেসামরিক লোকজন যাতে হতাহত না হয় মেদভেদেভ তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এএফপি।