বেসামরিক লোকদের বাড়িঘরে হামলা আর বরদাশত করব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সে দেশে অবস্থানরত ন্যাটোর নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, জঙ্গিবিরোধী অভিযানের নামে আফগান নাগরিকদের বাড়িঘরে হামলা চালানো আর বরদাশত করা হবে না। জঙ্গিবিরোধী অভিযানের ক্ষেত্রে এত দিন ধৈর্য ধারণ ছিল কৌশল। কিন্তু ন্যাটোর হামলায় একদল বেসামরিক আফগান নাগরিক হতাহতের ঘটনার পর আর ধৈর্য ধারণ করা সম্ভব নয়। গতকাল মঙ্গলবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে কারজাই এসব কথা বলেন।আফগান প্রেসিডেন্ট বলেন, ন্যাটো জেনে নিক যে আফগানদের বাড়িঘরে ন্যাটোর বিমান হামলা মেনে নেওয়া হবে না। এ ধরনের হামলা আফগানরা আর বরদাস্ত করবে না। তিনি বলেন, ‘ন্যাটোর হামলা বন্ধে অনেক উপায় আছে আফগানিস্তানের। তবে আমরা চাই, তারা নিজে থেকে এই হামলা বন্ধ করুক।’গত রোববার দক্ষিণাঞ্চলীয় হেলমান্দের একটি বাড়িতে ন্যাটো বিমান হামলা চালায়। একটি টহল দলের ওপর গুলি ছোড়ার পর ন্যাটো এই হামলা চালানোর নির্দেশ দেয়। এতে কমপক্ষে ১৪ জন নিহত হয়। এর মধ্যে বেশির ভাগই শিশু। এ ঘটনায় কারজাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আফগানিস্তানে বেসামরিক লোকজন হতাহত হওয়ার মূল কারণ ন্যাটোর জঙ্গিবিরোধী অভিযান। বিশেষ করে রাতে আফগানদের বাড়িঘরে হামলা চালাচ্ছে তারা। এ নিয়ে অনেক দিন ধরে কারজাই ও তাঁর পশ্চিমা সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে। কারজাই হুঁশিয়ার করেছেন, আফগানরা এসব যথেষ্ট সহ্য করেছে; আর নয়। ন্যাটোর এসব হামলাকে তিনি আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেন। তিনি বলেন, আফগানদের বাড়িঘরে ন্যাটো যদি হামলা বন্ধ না করে, তাহলে তাদের দখলদার বাহিনী বলে বিবেচিত করা হবে। আর তাদের এই থাকাটা হবে আফগান জনতার ইচ্ছার বিরুদ্ধে।আফগান প্রেসিডেন্ট বলেন, এসব ব্যাপারে এর আগে বহুবার ন্যাটোর কমান্ডারদের তিনি হুঁশিয়ার করেছেন। হামিদ কারজাই বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের অনেক সহযোগিতা করেছে। তাই বলে তারা আফগান নাগরিকদের জীবন ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে না। তাদের এই ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হওয়ার নয়।’ গত এক বছরে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে বিমান হামলা জোরদার করেছে। তাদের দাবি, জঙ্গিদের বিরুদ্ধে তারা কার্যকর অস্ত্র ব্যবহার করছে। এসব জঙ্গি সাধারণ আফগান নাগরিকদের মধ্যে মিশে আছে। রয়টার্স।