
আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে মসুল পুনরুদ্ধারে ইরাকি বাহিনীর চলমান অভিযানের মধ্যে ইরাক সফর করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী বাগদাদে পৌঁছে তিনি ‘বেসামরিক লোকদের সুরক্ষা দেওয়ার বিষয়কে’ সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
টুইটারে জাতিসংঘ মহাসচিবের অফিশিয়াল অ্যাকাউন্টে অ্যান্তোনিও গুতেরেস লেখেন, ‘ইরাকে ভয়ানক মানবিক পরিস্থিতির ওপর আলোকপাত করতে ইরাক পৌঁছেছি।’
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল পুনরুদ্ধারে ইরাকি বাহিনীর অভিযান শুরুর পর এ পর্যন্ত কয়েক লাখ মানুষ শহরটি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দেশটির সরকার বলেছে, গত ফেব্রুয়ারি মাসে অভিযান শুরু করার পর শহরটি থেকে দুই লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। তবে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী, শহরের পশ্চিমাঞ্চল থেকেই চলে গেছে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এ ছাড়া শহরে কয়েক শ বেসামরিক লোক হতাহত হয়েছে।
ইরাকে জাতিসংঘের মিশন থেকে জানানো হয়েছে, বাগদাদে পৌঁছেই অ্যান্তোনিও গুতেরেস দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারির সঙ্গে সাক্ষাৎ করেন। ইরাকের স্বশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী আরবিলে উড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিসহ অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা ছিল।
এদিকে মসুল লড়াইয়ের পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে দিন দিন মানবিক বিপর্যয়কর পরিস্থিতি আরও প্রকট হয়ে উঠছে। শহরের আশপাশের এলাকাগুলোয় শিবির স্থাপন করা হলেও সেখানকার ধারণক্ষমতা ঘরছাড়া মানুষের সংখ্যার চেয়ে কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনেককেই আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। বিপুলসংখ্যক বাসিন্দাকে শহরে চলমান লড়াইয়ের মধ্যেই অবরুদ্ধ অবস্থায় দিন যাপন করতে হচ্ছে।
জাতিসংঘ এর আগে চলতি মাসের শুরুর দিকে বলেছে, মসুলে প্রায় ছয় লাখ বাসিন্দা রয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাতে হচ্ছে প্রায় চার লাখ মানুষকে।