বোকো হারামের ওপর নিষেধাজ্ঞা জাতিসংঘের
নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ গোষ্ঠীটি দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনার পাঁচ সপ্তাহের মাথায় তাদের নিষিদ্ধ করা হলো৷ খবর বিবিসির৷
নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার ফলে আল-কায়েদাসংশ্লিষ্ট অন্য নিষিদ্ধ সংগঠনগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হলো বোকো হারাম৷ এখন এটির সম্পদ জব্দ ও এর ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ হবে৷
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার বলেন, বোকো হারামকে নির্মূল ও এর খুনি নেতাদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ তবে বিশেষজ্ঞরা বলছেন, বোকো হারামের বিরুদ্ধে এ পদক্ষেপ গ্রহণের ফলে বাস্তবে এর কী প্রভাব পড়বে তা বলা মুশকিল৷
এদিকে গত বুধবার রাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে যে ২৭ জন খামারশ্রমিককে হত্যা করা হয়, তার জন্যও বোকো হারামকে দায়ী করা হচ্ছে৷ এর এক দিন আগে মধ্যাঞ্চলীয় শহর হোসেতে দুটি বোমা হামলায় ১২২ জন নিহত হন৷ কর্তৃপক্ষ সন্দেহ করছে, এ হামলার পেছনেও বোকো হারামের হাত রয়েছে৷