বোকো হারামের কবল থেকে ৬৩ ছাত্রী পালিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের কবল থেকে ৬০ জনের বেশি স্কুলছাত্রী পালিয়ে এসেছে। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যম এ খবর দিয়েছে। খবর দি ইনডিপেনডেন্টের।
নাইজেরিয়ার বোর্নো প্রদেশের শিবক এলাকার একটি স্কুল থেকে গত এপ্রিল মাসে প্রায় ৩০০ স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারামের জঙ্গিরা। বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা শুরুর পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ছাত্রীদের উদ্ধার অভিযানে যোগ দেয়। কিন্তু তারা এখনো কিছুই করতে পারেনি।
বোর্নো প্রদেশের একজন কর্মকর্তার বরাত দিয়ে নাইজেরিয়ার অনলাইন সংবাদপত্র প্রিমিয়াম টাইমস জানায়, স্থানীয় সময় গত শুক্রবার রাত ও শনিবার সকালে ওই স্কুলছাত্রীরা পালিয়ে আসে। ওই সময় পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলা চালাতে গিয়েছিল জঙ্গিরা। ছাত্রীরা ওই সুযোগ কাজে লাগায়।
আব্বাস গাবা নামের ওই কর্মকর্তা বলেন, ‘আমি দাম্বোয়া এলাকায় আমার সহকর্মীর মাধ্যমে খবর পেয়েছি, অপহৃত স্কুলছাত্রীদের মধ্যে ৬৩ জন ফিরে আসতে সক্ষম হয়েছে। তবে তাদের পালিয়ে আসার বিস্তারিত তথ্য আমার কাছে নেই।’