বোমা হামলায় জাতিসংঘের ১০ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ায় গতকাল সোমবার জাতিসংঘের কর্মীদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে সাতজন সোমালিয়ার ও দুজন কেনিয়ার নাগরিক। খবর এএফপি ও রয়টার্সের।
সোমলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পুন্টল্যান্ডের রাজধানী গারোউইতে বাসে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বাসটি জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) কর্মীদের বহন করছিল।
হামলার পর ঘটনাস্থল থেকে স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবদি বলেন, ‘জাতিসংঘের কর্মীদের বহনকারী একটি বাসে বোমা হামলার ঘটনা ঘটে। জাতিসংঘের কার্যালয়ের কাছেই হামলাটি হয়। বোমাটি সম্ভবত বাসটির সঙ্গেই আগে থেকে লাগানো ছিল।’
বোমা হামলার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, জাতিসংঘের কর্মীদের বহনকারী মিনিবাসটির ছাদ উড়ে গেছে, সব জানালা গেছে ভেঙে।
আল-কায়েদাসংশ্লিষ্ট সোমালিয়ার ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির মুখপাত্র আবদুল আজিজ আবু মুসাব জাতিসংঘকে ‘সোমালিয়ার ঔপনিবেশিক শক্তি’ হিসেবে আখ্যায়িত করে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা গারোউইয়ে জাতিসংঘের কার্যালয়কে লক্ষ্য করেই হামলা করেছিলাম। হামলায় আমরা কয়েকজনকে হত্যা করেছি। আহত হয়েছে কয়েকজন। এঁরা সোমালিয়ায় ঔপনিবেশিক শক্তির তাঁবেদার।’
সোমালিয়ায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি নিকোলাস কে টুইটারে বলেন, ‘এ ঘটনায় তিনি ব্যথিত। প্রাণহানির ঘটনা চরম বেদনাদায়ক।’
হামলার পর পুন্টল্যান্ডের পুলিশ কর্মকর্তা আলী সালাদ বলেন, এটি সোমালিয়ার জন্য একটি কালো দিবস। তবে সন্ত্রাসীদের জানা উচিত, তারা যে রক্ত ঝরিয়েছে, তা বৃথা যাবে না।
আল-শাবাব সাম্প্রতিক বছরগুলোতে সোমালিয়ায় জাতিসংঘের কর্মীদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। বেশির ভাগ হামলাই হয়েছে দেশটির রাজধানী মোগাদিসুতে এবং সাধারণত বিদেশিরা থাকে এমন স্থানে। গত সপ্তাহে সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ে এক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়। গত বছরের ডিসেম্বর মাসে এক হামলায় জাতিসংঘের চারজন কর্মী নিহত হন। জাতিসংঘ দেশটিতে পশ্চিমাপন্থী সরকারকে উন্নয়নকাজে সহায়তা করছে। এ মাসের শুরুতে আল-শাবাব গেরিলারা কেনিয়ার উত্তর-পূর্বের গারিস্যা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ১৫০ জনকে হত্যা করে। এর বেশির ভাগই ছিল শিক্ষার্থী।