বোমাতঙ্কে ফরাসি বিমানের জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের বিমান সংস্থা এয়ার ফ্রান্সের একটি যাত্রীবাহী বিমান গত শনিবার দিবাগত রাতে বোমাতঙ্কে কেনিয়ায় জরুরি অবতরণ করে। পরে দেখা যায়, বিমানের ভেতর পাওয়া সন্দেহজনক বস্তুটি আসলে কার্ডবোর্ড, কাগজ ঘড়ি দিয়ে তৈরি। এতে কোনো বিস্ফোরক নেই। মরিশাস থেকে প্যারিস যাওয়ার পথে শৌচাগারে বস্তুটি পাওয়া গেলে বিমানটি জরুরি ভিত্তিতে অবতরণ করে। খবর এএফপির।

কেনিয়ার পুলিশ জানায়, ৪৫৯ জন যাত্রী ও ১৪ জন ক্রু নিয়ে এয়ার ফ্রান্সের ফ্লাইট এএফ-৪৬৩ শনিবার রাত নয়টায় মরিশাস থেকে উড্ডয়ন করে। প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে গতকাল রোববার ভোর ৫টা ৫০ মিনিটে এটির অবতরণ করার কথা ছিল। কিন্তু উড্ডয়নের কয়েক ঘণ্টা পরই বিমানটি কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর মোম্বাসার মোয়ি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

কেনিয়া পুলিশের মুখপাত্র চার্লস ওইনো বলেন, যাত্রাপথে বিমানটির শৌচাগারে বোমাসদৃশ একটি সন্দেহজনক বস্তুর সন্ধান পাওয়া গেলে সেটি জরুরি অবতরণের অনুরোধ জানায়। পরে তা নিরাপদে কেনিয়ার ওই বিমানবন্দরে অবতরণ করে এবং সব যাত্রীকে নামিয়ে বিমানটি খালি করা হয়।

পরে এয়ার ফ্রান্সের প্রধান নির্বাহী বলেন, যে আশঙ্কায় বিমানটি জরুরি অবতরণ করে, তা আসলে ভুল ধারণা। কার্ডবোর্ড, কয়েক টুকরা কাগজ ও ঘড়ি দিয়ে বানানো জিনিসটির বিস্ফোরণ ঘটানোর ক্ষমতাই ছিল না।

এর আগে বিমানটি অবতরণের পর নৌবাহিনী ও সিআইডির বোমা বিশেষজ্ঞদের ডাকা হয়। বস্তুটি তাঁরা পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যান। গতকাল স্থানীয় সময় সকাল পর্যন্ত বিমানটি মোম্বাসার বিমানবন্দরেই অবস্থান করছিল।

এয়ার ফ্রান্সের মুখপাত্র সকালে বলেন, ‘বস্তুটি আসলেই বোমা কি না, তা আমরা জানতে পারিনি। কেনিয়ার কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

বিমান সংস্থাটির মুখপাত্রের ভাষ্যমতে, গতকাল দিনের শেষে বিমানটির যাত্রীদের অন্য এক ফ্লাইটে মোম্বাসা থেকে প্যারিসে নিয়ে আসার কথা।