বৈঠক হলেও ভারত-পাকিস্তান সম্পর্কে আস্থার সংকট কাটেনি
ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ভালোভাবেই প্রকাশ পেয়েছে দুই দেশের মধ্যকার আস্থার সংকটের বিষয়টি। নয়াদিল্লির কর্মকর্তারা অনেকটাই নিশ্চিত, সামরিক বাহিনীর বড় ধরনের প্রভাবের কারণেই ইসলামাবাদ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এমনকি নাম প্রকাশ না করার শর্তে একজন ভারতীয় কর্মকর্তা পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বশিরকে সামরিক বাহিনীর পুতুল হিসেবেও অভিহিত করেছেন।গত ২৫ ফেব্রুয়ারির বৈঠকে ভারতীয় পররাষ্ট্রসচিব নিরুপমা রাও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত বেশ কয়েকজন পাকিস্তানি ও ভারতীয় নাগরিকের তথ্যসহ তিনটি দলিল সালমান বশিরের কাছে হস্তান্তর করেন। সেখানে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়ার প্রধান হাফিজ সাইদকে নিয়েও একটি দলিল ছিল। বৈঠক শেষে ওই দলিলকে ‘গল্প’ হিসেবে অভিহিত করে পাকিস্তানি পররাষ্ট্রসচিব বলেন, এতে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এ মন্তব্যের পর ভারতীয় পক্ষ ভীষণ ক্ষুব্ধ হয়। ২০০৮ সালের মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সাইদকে দায়ী করে নয়াদিল্লি।পরে অবশ্য বশির মন্তব্যটি ঘুরিয়ে অন্য ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেন। কিন্তু ভুল যা হওয়ার তা আগেই হয়ে গেছে। ভারতীয় বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তান সরকার হাফিজ সাইদ বা আল-কায়েদার নেতা ইলিয়াস কাশ্মীর অথবা মুম্বাই হামলায় জড়িত পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা ইসলামাবাদের কাছে অনেক বেশি চাওয়া হবে।ভারতীয় কর্মকর্তারা জানান, এর আগে দুই দেশের বৈঠক নিয়ে সব সময়ই এক ধরনের আশাবাদ কাজ করত। কারণ নয়াদিল্লি আশা করত, ইসলামাবাদ তাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করবে। কিন্তু এখন ভারত জানে, বৈঠকের সময় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফও পাকিস্তানের ভূমিকে সন্ত্রাসী কাজে ব্যবহার না করতে দেওয়ার প্রতিশ্রুতির ব্যাপারে আন্তরিক ছিলেন না।ভারতের ধারণা, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বা প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি নন, ইসলামাবাদে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কার্যকর নির্দেশ দিতে পারেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি। কিন্তু কায়ানি দুই দেশের মধ্যে কোনো কার্যকর শান্তিচুক্তিকে সমর্থন জানাতে রাজি নন। কারণ, সামরিক বাহিনী ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কর্মকর্তাদের মতো তিনিও বিশ্বাস করেন, বিদেশি সেনা প্রত্যাহার করার পর আফগানিস্তানে একটি মোড় বদলের পরিস্থিতির সৃষ্টি হবে। বিদেশি বাহিনী সরে গেলে তাদের সামনে সুযোগ আসবে ভারতবিরোধী শক্তিকে আফগানিস্তানের ক্ষমতায় নিয়ে আসার।পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হাফিজকে আদালত মুক্তি দিয়েছেন। আর মুক্তি পাওয়ার পর হাফিজ পাকিস্তানে ভারতবিরোধী সমাবেশও করেছেন। এ ব্যাপারে জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকার পরও ইসলামাবাদ হাফিজকে এ কর্মসূচি করতে দিয়েছে। তাই ভারতের ধারণা, পাকিস্তান সরকার হাফিজের বিরুদ্ধে আদালতে দুর্বল মামলা দিয়েছিল। পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ভারত আরও অভিযোগ করেছিল, পাকিস্তান ভারতীয় মুজাহিদিন ও খলিস্তানি আন্দোলনকারীদের সমর্থন দিচ্ছে।এ বৈঠকে ভারত-পাকিস্তানের মধ্যে আস্থা সৃষ্টি না হওয়ার কারণ হচ্ছে সন্ত্রাসবাদ নিয়ে ভারতীয়দের অনমনীয় মনোভাব এবং পাকিস্তানিদের অসহযোগিতামূলক আচরণ। স্থানীয় সাংবাদিকেরা জানান, সম্ভবত যুক্তরাষ্ট্রের অনুরোধে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করতে রাজি হয়েছে।