বৈদ্যুতিক এসইউভি গাড়ি আনল অডি

এবার বৈদ্যুতিক এসইউভি গাড়ি বাজারে আনল জার্মান ভক্সওয়াগন গ্রুপের কোম্পানি অডি। নতুন গাড়িটির নাম রাখা হয়েছে ই-ট্রন। আগামী বছরেই গাড়িটি ইউরোপের বাজারে পাওয়া যাবে। বিলাসবহুল অন্যান্য গাড়ি নির্মাতা কোম্পানির সঙ্গে তাল মিলিয়ে অডি বাজারে এই বৈদ্যুতিক গাড়ি আনতে যাচ্ছে।
অডি জানিয়েছে তারা গাড়িটির আগাম বুকিংয়ের জন্য ১ হাজার ডলার (ফেরতযোগ্য) করে নেওয়া শুরু করেছে। প্রথম সংস্করণের সম্ভাব্য দাম হবে ৭৪ হাজার ৮০০ ডলার বা ৮১ হাজার ৮০০ ডলার। সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে এর দাম বেড়ে দাঁড়াতে পারে ৮৬ হাজার ৭০০ ডলার। আগামী বছরের মাঝামাঝি বাজারে আসছে ৫ সিটের ই-ট্রন গাড়িটি। এক চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত চলবে এডির এই গাড়ি।
ভক্সওয়াগনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুপার্ট স্ট্যাডলারের এক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ায় এই বৈদ্যুতিক গাড়ি বাজার আনার প্রক্রিয়া পিছিয়ে যায়। ওই সময় ইউরোপের ব্রাসেলসে এ গাড়ির উন্মোচনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
আগামী কয়েক বছরে নতুন তিনটি বৈদ্যুতিক গাড়ির মডেল নিয়ে আসবে জার্মান কোম্পানিটি। তারা আরও জানিয়েছে, বাড়িতে ই-ট্রনের চার্জিং স্টেশন বসানোর জন্য অ্যামাজনের সঙ্গে যৌথ ব্যবসায়ও যাবে।
যুক্তরাষ্ট্র স্যানফ্রান্সিকো ওয়াটারফ্রন্টে সেপ্টেম্বরের ১৭ তারিখে এক অনুষ্ঠানে বিদ্যুতের চার্জে চলা অডির গাড়িটি উন্মোচন করা হয়। এ সময় কয়েক শ ড্রোন ফোর্ডের একটি পুরোনো কারখানার ওপরে উড়ে অডির ৪ বৃত্তের ঐতিহ্যবাহী লোগোটি তৈরি করে। অডির নির্বাহীরা জানিয়েছেন, গাড়িটি যুক্তরাষ্ট্রের বাজারের কথা মাথায় রেখেই নকশা করা হয়েছে। এ কারণেই এখানেই গাড়িটি এখানে উন্মোচিত হলো। সম্প্রতি জাগুয়ার, মার্সেডিজ ও বিএমডব্লিউ বৈদ্যুতিক এসইউভি উন্মোচন করেছে।
২০১৫ সাল থেকেই ভক্সওয়াগনের গাড়ির বিক্রি বেড়েই চলেছে। এরই মধ্য তেলের দাম বাড়ার কারণে তেলচালিত গাড়ির ব্যবহার কমিয়ে এনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে ইউরোপে। আর তাই দিনে ২০০টি করে গাড়ি উৎপাদনে কাজ শুরু করেছে জার্মান কোম্পানিটি। ২০২০ সাল নাগাদ শুধু ইউরোপেই গাড়ির বাজারে ৪০ শতাংশ দখল করতে যাচ্ছে বৈদ্যুতিক গাড়ি। আর তাই জাগুয়ার, মার্সেডিজ ও বিএমডব্লিউ বৈদ্যুতিক এসইউভি উন্মোচন করেছে। এবার এই কাতারে যোগ দিল অডি। তথ্যসূত্র: সিএনএন ও দ্য ভার্জ।