বৈদ্যুতিক সরঞ্জামে অস্বস্তি!
টেলিভিশনে কোনো অনুষ্ঠান দেখতে পারেন না তিনি। চালু অবস্থায় টিভির পর্দার দিকে তাকালেই ভয়ানক অস্বস্তি পেয়ে বসে তাঁকে। বেতারের অনুষ্ঠান শুনতে গেলেও একই পরিস্থিতি হয়। মুঠোফোনে কারও সঙ্গে দুটি কথা বলবেন, এটিও তাঁর পক্ষে সম্ভব নয়। কারণ বিদ্যুতের সংস্পর্শ আছে, এমন সব যন্ত্রের ব্যাপারে অসহ্য রকমের স্পর্শকাতরতা রয়েছে তাঁর। ‘ইলেক্ট্রো সেনসিটিভিটি’ বলে পরিচিত এই বিরল সমস্যায় ভুগছেন ব্রিটিশ নারী জেনিস টিউনিক্লিফ (৫৫)।ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারের বাসিন্দা টিউনিক্লিফ তিন বছর আগে অন্ত্রের ক্যান্সারের জন্য কেমোথেরাপি নেন। এর পর থেকে তিনি বিদ্যুতে চলে এমন জিনিসের ব্যাপারে স্পর্শকাতরতায় ভুগছেন। বৈদ্যুতিক কোনো যন্ত্রের কাছাকাছি যাওয়ামাত্র বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় টিউনিক্লিফের। মাথা ও বুকে ব্যথা হয়, বমি বমি ভাব হয়, হাত-পা শিরশির করে। শারীরিক এই সমস্যার কারণে বলতে গেলে তিনি আধুনিক বিশ্বের বাইরে বিচ্ছিন্ন এক জীবন কাটাচ্ছেন। এ ব্যাপারে টিউনিক্লিফ বলেন, ‘আই ফোনের কাছে গেলে মিনিট বিশেকের মধ্যে আমি অসুস্থ হয়ে পড়ি। কম্পিউটারের সামনে এলে মনে হয় আমার মাথার পেছনটা কিছু একটা খামচে ধরেছে। চেপে বের করে দিতে চাইছে প্রাণ। আমি এ থেকে মুক্তি চাই।’ এনডিটিভি অনলাইন।