ভারতের গুজরাটের আহমেদাবাদের একটি আদালত গতকাল সোমবার বলেছেন, ২০১২ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় বৈবাহিক অবস্থার তথ্য প্রকাশ না করে নরেন্দ্র মোদি অপরাধ করেছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।
অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এম এম শেখ বলেন, মোদি তথ্য প্রকাশ না করে জনপ্রতিনিধিত্ব (আরপি) আইনে অপরাধ করেছেন। তবে তিনি এ-ও বলেন, ওই আইন লঙ্ঘনের কোনো ঘটনার ক্ষেত্রে এক বছরের মধ্যে অভিযোগ দাখিল করতে হয়। কিন্তু মোদির বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছিল ঘটনার এক বছর চার মাস পর। এখন আর পিটিশন গ্রহণ ও এফআইআর জারির সুযোগ নেই।
মোদির বিরুদ্ধে এফআইআর জারির আবেদন জানিয়ে পিটিশনটি করেছিলেন আম আদমি পার্টির (এএপি) নিসান্ত ভার্মা।
গত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী মোদি। লোকসভা নির্বাচনের সময় মোদি প্রথমবারের মতো স্বীকার কারেন যে তিনি বিবাহিত, তাঁর স্ত্রী আছে। এর আগে তিনি গুজরাটের বিধানসভা নির্বাচনের হলফনামায় স্বামী বা স্ত্রীর ঘরটি পূরণ না করে খালি রাখতেন।