বৈরুতে ইরান দূতাবাসের বাইরে বোমায় নিহত ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের রাজধানী বৈরুতে ইরানি দূতাবাসের বাইরে শক্তিশালী বোমা হামলা হয়েছে। দক্ষিণ বৈরুতের শহরতলিতে গত সোমবারের এ হামলায় একজন কূটনীতিকসহ ২৩ জন নিহত ও বেশ কিছুসংখ্যক লোক আহত হয়েছে। বৈরুতের পুলিশ ও নিরাপত্তা সংস্থা এ খবর দিয়েছে।
ইরানের দূতাবাস অবস্থিত বৈরুতের বীর হাসান এলাকায়। এটি লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহর শক্ত ঘাঁটি। আল-কায়দার সঙ্গে যুক্ত জিহাদি সংগঠন আব্দুল্লাহ আজম ব্রিগেড এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। বোমা বিস্ফোরিত হয় দূতাবাসের বিপরীত দিকে।
লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বোমা হামলায় ইরানি দূতাবাসের সংস্কৃতিবিষয়ক অ্যাটাশে ইব্রাহিম আনসারি নিহত হয়েছেন। তবে রাষ্ট্রদূত ঘাদানফার রোকন এবাদির কোনো ক্ষতি হয়নি।
লেবাননের সেনাবাহিনী একে একটি জোড়া আত্মঘাতী হামলা হিসেবে চিহ্নিত করেছে।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, তাঁরা দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রথমটি দুর্বল হলেও দ্বিতীয়টি ছিল শক্তিশালী।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক জানান, ইরানের দূতাবাসের বিপরীত দিকের রাস্তায় রক্ত ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। আর অন্তত চারটি ভবনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থলের কাছাকাছি থাকা জাহারা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তারা পাঁচটি মৃতদেহ এবং ৩৫ জন আহত মানুষ পেয়েছে। অপর দিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, অন্তত ৫০ জন আহত হয়েছে।
লেবাননের সংবাদমাধ্যমে বোমা হামলার স্থানের ছবি ও ভিডিওচিত্র সম্প্রচারিত হয়। এতে দেখা যায় পুড়ে যাওয়া মানুষের লাশ। কিছু লাশে তখনো আগুন জ্বলছিল।
লেবাননে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি এলাকায় চলতি বছর আরও দুটি হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেশী সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাব লেবাননেও পড়ছে। শিয়া সংগঠন হিজবুল্লাহ সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের সমর্থন করছে। বাশার পরিবার আলাবি শিয়া সম্প্রদায়ের মানুষ। লেবাবনের অনেক সুন্নিই হিজবুল্লাহর এই অবস্থানকে সমর্থন করেন না। তাঁরা বাশারবিরোধী বিদ্রোহীদের সমর্থন করছে। এএফপি।