বৈরুতে সুন্নি প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের রাজধানী বৈরুতে গতকাল সোমবার সুন্নি মুসলমানদের দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সংঘর্ষে দুজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। তবে বেসরকারি সূত্রগুলো বলছে, হতাহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হবে।স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো বলছে, সিরিয়াবিরোধী হিসেবে পরিচিত ফিউচার মুভমেন্টের সঙ্গে সিরিয়াপন্থী আরব মুভমেন্ট পার্টির সমর্থকদের মধ্যে গতকাল সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা বন্দুকযুদ্ধ হয়। এ সময় রাজপথে বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষ থেমে যাওয়ার পর আরব মুভমেন্ট পার্টির প্রধান কার্যালয়ের দেয়ালে বুলেটের চিহ্ন দেখা গেছে।স্থানীয় সূত্রগুলো বলছে, আরব মুভমেন্টের দুজন ও ফিউচার মুভমেন্টের একজন সমর্থক সংঘর্ষে নিহত হয়েছেন। এর আগে রোববার রাতেও রাজধানীতে গ্রেনেড হামলার পাশাপাশি ভারী অস্ত্র থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে সুন্নি-অধ্যুষিত তারিক আল-জাদিদেহ এলাকায় সংঘর্ষের ব্যাপকতা বেশি ছিল। স্থানীয় একজন বাসিন্দা মোহাম্মদ সাব বলেন, ‘এটি প্রকৃত অর্থেই যুদ্ধ ছিল।’স্থানীয় সূত্রের দাবি, সিরিয়ার চলমান সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে লেবাননেও উত্তেজনা ছড়িয়ে পড়ছে। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে দেশটিতে সুন্নি নেতৃত্বাধীন যে গণ-আন্দোলন গড়ে উঠেছে, তার প্রতি লেবাননের সুন্নি মুসলমানদের একটি বড় অংশের সমর্থন রয়েছে। লেবাননের গৃহযুদ্ধের সময় (১৯৭৫-১৯৯০) প্রেসিডেন্ট আসাদের বাবা হাফিজ আল-আসাদ (সিরিয়ার সাবেক শাসক) দেশটিতে সৈন্য পাঠিয়েছিলেন। তবে আসাদের সঙ্গে লেবাননের প্রধানমন্ত্রী নজীব মিকাতি সরকারের সুসম্পর্ক রয়েছে। রয়টার্স।