বৈরুতের দুঃখ ঘোচাবে ওয়াটার ট্যাক্সি
লেবাননের রাজধানীবৈরুতের অনেক সমস্যার একটি হচ্ছে যানজট। মাত্র পাঁচ কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগে নিদেন পক্ষে দুই ঘণ্টা। দীর্ঘ সময় গাড়িতে থেকে থেকে ক্লান্তি ভর করেছে এই শহরের বাসিন্দাদের ওপর। হতাশায় চাকরি পর্যন্ত ছেড়েছেন কর্মজীবীরা।কিন্তু বৈরুতের এ দুঃখ আর থাকছে না। বৈরুতের আশীর্বাদ হয়ে এসেছে ওয়াটার ট্যাক্সি (পানিতে চলাচলকারী এক ধরনের দ্রুতগতির যান)। নৌপথে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দেবে এ ট্যাক্সি। ফলে গাড়ির ভেতর লোকজনকে আর কাটাতে হবে না ঘণ্টার পর ঘণ্টা।লেবাননের বেসরকারি নৌপরিবহন সংস্থা ‘লেবানিজ ওয়াটার ট্রান্সপোর্টেশন অলটারনেটিভ’ বৈরুতের যানজটসমস্যা এড়াতে এই ওয়াটার ট্যাক্সি বাজারে আনছে। শিগগিরই বৈরুতের নৌপথে এটি চালু করা হবে। সংস্থাটির প্রধান খালেদ টাক্কি বলেছেন, লেবাননের যানজট এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।নিউইয়র্কের হাডসন, লন্ডনের টেমস নদীতে ওয়াটার ট্যাক্সি আগেই চালু করা হয়েছে। বৈরুতের ওয়াটার ট্যাক্সিও হবে সেসব ট্যাক্সির আদলেই। তবে হাডসন ও টেমস নদীতে চালু ট্যাক্সিগুলো ফেরি নামেই বেশি পরিচিত।বৈরুতের ওয়াটার ট্যাক্সিগুলো হবে পরিবেশবান্ধব। এগুলোর দামও থাকবে ক্রয় ক্ষমতার মধ্যে। কর্মজীবী ও ছাত্রদের পাশাপাশি পর্যটকেরাও এতে চলাচল করতে পারবে।খালেদ টাক্কি বলেন, গাড়িতে ঘণ্টার পর ঘণ্টা থেকে মানুষের যেমন মন বিগড়ে যায়, তেমনটি ওয়াটার ট্যাক্সিতে চললে হবে না। ওয়াটার ট্যাক্সিতে সবাই মজা করতে পারবে। চায়ের কাপে ধোঁয়া ওড়াতে ওড়াতে পত্রিকা পড়ার ব্যবস্থা আছে সেখানে। নাশতার সুবিধা তো রয়েছেই। তিনি আরও বলেন, ওয়াটার ট্যাক্সির ফলে কর্মজীবীরা হবেন দারুণ লাভবান। শিক্ষার্থীদের আর বৈরুতের ছাত্রাবাসে থাকতে হবে না। লেবাননের যেকোনো অঞ্চল থেকে তারা প্রতিদিন বৈরুতে আসা-যাওয়া করতে পারবে।খালেদ টাক্কি জানান, কিছুদিন আগে তাঁর প্রতিষ্ঠানের দুজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। যানজটের কবল থেকে বাঁচতে তাঁদের ভোর হতে না-হতেই বাড়ি থেকে রওনা দিতে হতো। এ যন্ত্রণা সহ্য করতে না পেরে তাঁরা চাকরি ছেড়েছেন। রাস্তায় যানজটে থেকে থেকে তাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন। উপকূলীয় শহর আন্তেলিয়াস থেকে মাত্র পাঁচ কিলোমিটারের পথ বৈরুতে আসতে তাঁদের দুই ঘণ্টা সময় লাগত।টাক্কি বলেছেন, দুজন কর্মকর্তা চাকরি ছাড়ার পর পরই তাঁর মাথায় ওয়াটার ট্যাক্সির চিন্তা আসে। তিনি জানান, ওয়াটার ট্যাক্সির এ প্রকল্প চালু করতে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয় হবে। প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী সাদ হারিরি সহায়তা করেছেন। এখন আইনি অনুমতি পেলেই বৈরুতের পানিতে ভাসানো হবে এ ট্যাক্সি।বৈরুতের রাস্তায় প্রতিদিন পাঁচ লাখ গাড়ি চলাচল করে। ওয়াটার ট্যাক্সি চালু হলে যানজটের পরিমাণ ২৫ শতাংশ কমানো যাবে বলে জানান টাক্কি। তিনি বলেন, প্রথম দিকে ওয়াটার ট্যাক্সির মাধ্যমে প্রতিদিন ১০ হাজার লোককে পরিবহন করা হবে। পরে এই সংখ্যা ৫০ হাজারে উন্নীত করা হবে। ওয়াটার ট্যাক্সিতে করে ২৫ মিনিটের পথ পাড়ি দিতে প্রতিজনের চার ডলার খরচ হবে বলে তিনি জানান।বৈরুতে তিন ধরনের ওয়াটার ট্যাক্সি নামাবে লেবানিজ ওয়াটার ট্রান্সপোর্টেশন অলটারনেটিভ। এর মধ্যে ‘শাটল’ ওয়াটার ট্যাক্সি বহন করতে পারবে ১৬০ জন, ‘ক্লিপারস’ পারবে ২২০ ও ‘ভিআইটি স্পিড ট্যাক্সি’ পারবে ১৬ জন। প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এই ট্যাক্সি। এএফপি।