বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে ঝুঁকি ডেলটার সংক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে প্রথম করোনার ডেলটা ধরন শনাক্ত হয়
ছবি: এএফপি

করোনার ডেলটা ধরনের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় সারা বিশ্বে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে গত শনিবার বিশ্বের ধনী দেশগুলোর জোট তথা জি-২০-ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা সতর্ক করে বলেছেন, ডেলটা ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধারে আরও ধীর গতি হবে।

এক যৌথ বিবৃতিতে অর্থমন্ত্রীরা বলেছেন, ‘করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করতে গিয়ে দেশের ভেতরে ও বাইরে নানা বিভেদ দেখা গেছে। মূলত করোনাভাইরাসের নতুন ধরনের বিস্তার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।’

বিশ্বজুড়ে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে বৈষম্য নিয়েও মন্ত্রীরা সতর্ক করেছেন। তাঁদের উদ্বেগের প্রধান কারণ ডেলটা ধরন, যা প্রথমে ভারতে শনাক্ত হলেও খুব দ্রুত বিস্তার লাভ করেছে। নতুন ধরনের ফলে আফ্রিকা ও এশিয়াজুড়ে নতুন করে প্রাদুর্ভাব দেখা গেছে, পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও বাড়ছে সংক্রমণ।

ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লা মারি বলেন, ‘জি-২০-ভুক্ত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি খুবই ভালো।’ কিন্তু তিনি সতর্ক করে বলেন, ‘দ্রুত বর্ধনশীল অর্থনীতি করোনার নতুন ধরন ও মহামারির নতুন ঢেউয়ে হুমকির মুখে পড়তে পারে। এ জন্য সারা বিশ্বে ভ্যাকসিন প্রয়োগ আরও বাড়াতে হবে।’

তবে ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইরাস নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, ‘ভ্যাকসিন প্রয়োগ ফলপ্রসূ হওয়ায় মৃত্যুহার ও হাসপাতালে ভর্তি হওয়া প্রতিরোধ করেছে এমনকি ডেলটা ধরন থেকেও সুরক্ষা দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটা ধীরে ধীরে বিভিন্ন দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে।’

এদিকে স্পেন থেকে থাইল্যান্ড পর্যন্ত অনেক দেশে করোনা প্রতিরোধে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সবার চোখ এখন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সোমবারের ভাষণের দিকে। এদিন সংক্রমণ বেড়ে যাওয়ায় পরবর্তী পদক্ষেপের ঘোষণা দিতে পারেন তিনি। অপর দিকে আগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়েছে আর্জেন্টিনা।

প্রধান অর্থনীতির অনেক দেশ যখন নাগরিকদের চলাচল উন্মুক্ত করে বিধিনিষেধ শিথিল করছে, ঠিক তখনই ডেলটা ধরন আরও উদ্বেগ বাড়াচ্ছে।

এ ক্ষেত্রে জি-২০-ভুক্ত নেতারা বিশ্বজুড়ে টিকা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি উন্নয়নশীল দেশের নাগরিকদের টিকা প্রয়োগের ক্ষেত্রে সহযোগিতার অঙ্গীকার করেছেন তাঁরা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মতে, বেশ কিছু উন্নত দেশ তাদের ৭০ শতাংশ জনগণকে টিকার আওতায় এনেছে। অপর দিকে অনুন্নত দেশগুলোয় এই হার ১ শতাংশেরও কম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে ইতিবাচক অর্থনীতির আভাস দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে ইউরোপিয়ান কমিশন ২০২১ সালে প্রবৃদ্ধি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। তারা ৪ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা গত বছর ছিল ৪ দশমিক ৩ শতাংশ।