বৈশ্বিক উন্নয়নে নতুন কর্মকৌশল ঘোষণা করলেন বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের উন্নয়নে নতুন কর্মকৌশলের ঘোষণা দিয়েছেন। গত বুধবার জাতিসংঘ সদর দপ্তরে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে রাষ্ট্রনেতাদের সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এই কর্মকৌশল ঘোষণা করেন।প্রেসিডেন্ট ওবামার বক্তৃতায় উঠে আসে বাংলাদেশের নামও। তিনি বলেন, খাদ্যনিরাপত্তা সৃষ্টির লক্ষ্যে কৃষি খাতের উন্নয়নের ওপর জোর দেওয়া হবে। কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুবিধা বাড়ানো হবে।আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনের সাধারণ সভায় প্রেসিডেন্ট ওবামা আবারও ভাষণ দেবেন। ওই ভাষণে তিনি চলমান বিশ্বপরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।সহস্রাব্দ উন্নয়নবিষয়ক বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা বৈশ্বিক উন্নয়নে চার দফা কর্মসূচির ঘোষণা দেন। উন্নয়ন-সহযোগিতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জরুরি সাহায্য-প্রত্যাশী দেশগুলোকে আমরা পরিত্যক্ত করছি, এমন ভাবার কোনো অবকাশ নেই।’ ওবামা বলেন, উন্নয়ন-সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিশ্বে নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখবে।মার্কিন প্রেসিডেন্ট চার দফা কর্মকৌশলে উন্নয়নের সংজ্ঞায় পরিবর্তনের কথা বলেছেন। ওবামা বলেন, ‘দীর্ঘদিন থেকে আমরা অর্থ, খাদ্য ও ওষুধ সরবরাহকে উন্নয়ন-সহযোগিতা হিসেবে দেখে আসছি।’ সহযোগিতা ও উন্নয়ন এক বিষয় নয়, এ কথা উল্লেখ করে বিভিন্ন দেশের উন্নয়নের জন্য অর্থ, খাদ্য ও ওষুধ সহযোগিতার অতিরিক্ত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন তিনি। কূটনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে এই সহযোগিতাকে সমন্বিত রূপ দেওয়া হবে বলেও ঘোষণা দেন প্রেসিডেন্ট ওবামা।বারাক ওবামা উল্লেখ করেন, উন্নয়নের লক্ষ্য নিয়ে তাঁর প্রশাসনে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসছে। সহযোগিতার মাধ্যমে স্বল্পমেয়াদে জীবনরক্ষার কাজ হলেও সমাজের দীর্ঘস্থায়ী উন্নয়ন ঘটছে না। লাখো-কোটি মানুষকে সাহায্য-চক্রের ওপর নির্ভর করতে হচ্ছে। তিনি সমষ্টিগত ব্যাপক উন্নয়ন-সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। গণতান্ত্রিক অভিযাত্রায় সফল রাষ্ট্রগুলোকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অধিকতর সহযোগিতা করা হবে বলে তিনি জানান। সহিংসতা পেছনে ফেলে শান্তি ও স্থিতিশীলতার দিকে অগ্রসরমান দেশগুলোকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলেও ওবামা উল্লেখ করেন।বারাক ওবামা উন্নয়ন-সহযোগী এবং সহযোগিতা গ্রহণকারীদের অধিকতর দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাহায্য-গ্রহীতা দেশগুলোকে উদাহরণসহ প্রমাণ করতে হবে, কী কর্মসূচি বাস্তবায়ন হলে সত্যিকার উন্নয়ন নিশ্চিত হবে। উন্নয়নের জন্য কার্যকর ও সফল নয়, এমন কোনো কর্মসূচিতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে না বলেও তিনি উল্লেখ করেন।প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর ভাষণে বলেন, বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধির মাধ্যমেই যুক্তরাষ্ট্রসহ সর্বত্র নিরাপত্তা ও অগ্রযাত্রা নিশ্চিত হবে।