বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বৃষ্টিপাত বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি হওয়ায় বৃষ্টিপাত চক্র বাড়ার জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। মহাসাগরের পানির লবণাক্ততার ওপর গবেষণার ফলাফলে এ তথ্য পাওয়ার কথা বলেছেন গবেষকেরা।গত শুক্রবার এ-সংক্রান্ত গবেষণাবিষয়ক একটি নিবন্ধ বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত হয়।অস্ট্রেলিয়া ও মার্কিন বিজ্ঞানীরা যৌথভাবে এ গবেষণা চালান। নিবন্ধে উল্লেখ করা হয়, বিজ্ঞানীরা ১৯৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত মহাসাগরের লবণাক্ততার তথ্য নিয়ে গবেষণা করেন। এ সময় তাঁরা লবণাক্ততার পরিবর্তনের প্রতি দৃষ্টি দেন। নিবন্ধের অন্যতম লেখক সুসান উইজফেলস বলেন, গবেষণায় দেখা যায়, মহাসাগরের পানির লবণাক্ততা বৃষ্টিপাত চক্র ও বাষ্পীভবনের পরিবর্তনে প্রভাব ফেলে। ৫০ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পানিচক্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। তিনি বলেন, সব মিলিয়ে এর অর্থ দাঁড়ায় পানির বাষ্পীভবনের কারণে বৃষ্টিচক্রে বেশি পানি চলে যায়, যা বেশি বৃষ্টিপাতের সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে, এর মানে হলো আর্দ্র এলাকা বেশি পানি পায় আর শুকনো এলাকা আরও বেশি শুকনো হয়। অস্ট্রেলিয়া সরকারের বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠান সিএনআইআরও এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরি যৌথভাবে এ গবেষণা চালায়। এএফপি।