জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে লন্ডনে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল, আগামী ৭ মে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্যের দলগুলো যাতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিষয়টিকে তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে অন্তর্ভুক্ত করে।
যুক্তরাজ্যের প্রধান তিনটি দলের নেতা ইতিপূর্বে এক যৌথ বিবৃতিতে ঘোষণা দিয়েছেন যে নির্বাচনে ফলাফল যা-ই হোক তাঁরা জলবায়ু ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নিজেদের মধ্যে বিষয়টিতে সমঝোতা করলেও তাঁরা ইস্যুটিকে দলীয় প্রতিশ্রুতিতে সম্পৃক্ত করেননি।
চলতি বছরের ডিসেম্বরে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর কাছ থেকে বায়ুদূষণ রোধে একটি কার্যকর প্রতিশ্রুতি আদায় করে নিতে এখন থেকে কাজ শুরুর আহ্বান জানানো হয় শোভাযাত্রা থেকে। জলবায়ু পরিবর্তনসংক্রান্ত নানা তথ্য ও দাবি-দাওয়াসংবলিত বিভিন্ন ব্যানার, পোস্টার ও বাদ্যযন্ত্র নিয়ে শতাধিক সংগঠনের হাজার হাজার কর্মী শোভাযাত্রায় অংশ নেন।