বৈশ্বিক উষ্ণায়নে কমতে পারে অক্সিজেন
সমুদ্রের তাপমাত্রার সামান্য হেরফেরে বিস্ময়করভাবে কমে যেতে পারে পৃথিবীর অক্সিজেনের পরিমাণ। এর ফলে মানুষ এবং পশুপাখির ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভির।
গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে অন্যান্য সমস্যা ছাড়াও অক্সিজেনের ঘাটতিতে পড়তে পারে পৃথিবী। এটি এ গ্রহে প্রাণের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি করবে। ঝড় বা বন্যা বেড়ে যে ক্ষতি হবে তার চেয়েও এ ক্ষতি মারাত্মক হতে পারে।
গবেষণায় দেখা যায়, বিশ্বের মহাসাগরগুলোর পানির তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার ফলে পানিতে ভাসমান অতি ক্ষুদ্র উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটবে। এর ফলে অক্সিজেন উৎপাদন কমবে। কিছুসংখ্যক বিজ্ঞানী বলছেন, এই শতকের শেষের দিকে সমুদ্রের তাপমাত্রা এমনভাবে বাড়তে পারে।
লেস্টার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক সের্গেই পেত্রোভস্কি বলেন, জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ভয়াবহতা নিয়ে এযাবৎ অনেক কথা বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অ্যান্টার্কটিকার বরফ গলে গিয়ে ব্যাপক বন্যার আশঙ্কা। তবে বন্যার চেয়েও ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে সমুদ্রের পানির তাপ বেড়ে গেলে।
বায়ুমণ্ডলের অক্সিজেনের দুই-তৃতীয়াংশই তৈরি হয় সামুদ্রিক ফাইটোপ্লাংটনের মাধ্যমে। এর পরিমাণ কমে যাওয়ার ফলে বায়ুমণ্ডলের অক্সিজেনের ওপর প্রভাব পড়তে পারে
এর কারণ প্রসঙ্গে অধ্যাপক পেত্রোভস্কি বলেন, বায়ুমণ্ডলের অক্সিজেনের দুই-তৃতীয়াংশই তৈরি হয় সামুদ্রিক ফাইটোপ্লাংটনের মাধ্যমে। এর পরিমাণ কমে যাওয়ার ফলে বায়ুমণ্ডলের অক্সিজেনের ওপর প্রভাব পড়তে পারে। ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর প্রাণহানি ঘটতে পারে।
জলবায়ু পরিবর্তন বিষয়ে যেসব গবেষণা হয়েছে এর বেশির ভাগেই পেট্রল ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইডকে উষ্ণায়নের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। অক্সিজেন উৎপাদনে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব নিয়ে খুব কম গবেষণাই হয়েছে।
এই গবেষণাটি পরিচালনা করতে গবেষক দল অক্সিজেন উৎপাদনের নতুন মডেল তৈরি করেছে। সেখানে সামুদ্রিক ক্ষুদ্র উদ্ভিদ জগতের মিথস্কিয়াকেও বিবেচনায় নেওয়া হয়। লেস্টার বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাটি বুলেটিন অব ম্যাথমেটিক্যাল বায়োলজিতে প্রকাশিত হয়েছে।