ইউক্রেনে মালয়েশিয়া এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগের তির ছুড়ছে প্রভাবশালী রাষ্ট্রগুলো। ফলে ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক যুদ্ধে রূপ নিচ্ছে কি না, এখন সে প্রশ্ন সামনে চলে এসেছে। ওই ঘটনার পর ইউক্রেনের ভূখণ্ডে তো বটেই, আন্তর্জাতিক পর্যায়েও হিসাব-নিকাশে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।
মালয়েশিয়ার উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর অভিযোগ উঠেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এটি ভূপাতিত করেছে। বিচ্ছিন্নতাবাদীদের কিছু কর্মকাণ্ড যেমন: বিধ্বস্ত এলাকা ঘিরে রাখা, অর্গানাইজেশন অব কো-অপারেশন অ্যান্ড সেফটি ইন ইউরোপ বা ওসিএসইর পর্যবেক্ষক দলকে এক ঘণ্টার মধ্যেই দুর্ঘটনাস্থল থেকে চলে যেতে বাধ্য করা ইত্যাদি ঘটনার পর অভিযোগের তির বিদ্রোহীদের দিকেই যাচ্ছে।
ইউক্রেন অভিযোগ করছে, রাশিয়ার মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা মস্কোর কাছ থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে উড়োজাহাজটি ভূপাতিত করে। তবে বিচ্ছিন্নতাবাদী ও রুশ সরকার পাল্টা অভিযোগ তুলেছে, উড়োজাহাজ ভূপাতিত করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
উড়োজাহাজটি কারা ভূপাতিত করল, তা নিয়ে পাল্টাপাল্টি দোষারোপের খেলায় যোগ দিয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, অস্ট্রেলিয়াসহ প্রভাবশালী দেশগুলো। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার ৪০ মিনিট পর মধ্যরাতে এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করে বলেন, ‘যে দেশের আকাশে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, দুঃখজনক এই ঘটনার জন্য সেই দেশের সরকারই দায়ী।’ লাতিন আমেরিকার কয়েকটি দেশে সফর শেষে ওই রাতেই মস্কো ফেরেন পুতিন। তাঁকে বহনকারী বিশেষ উড়োজাহাজ ও মালয়েশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজটি একটা সময় ওয়ারশতে একই আকাশসীমায় উড়ছিল।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মেরিন এয়ার হেলিকপ্টারযোগে অ্যান্ড্রু বিমানঘাঁটিতে যাওয়ার পথে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পান। পরে তিনি অভিযোগ করেন, রাশিয়ার সরবরাহ করা আধুনিক অস্ত্র ব্যবহার করে মালয়েশিয়ার উড়োজাহাজটি ভূপাতিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়। শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্যও বিশ্বাস করে, যাত্রীবাহী উড়োজাহাজটি ভূপাতিত করা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরাই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উড়োজাহাজটি যে ভূপাতিত করেছে, সেই অভিযোগ ধীরে ধীরে আরও জোরালো হচ্ছে।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, এ ঘটনায় অবশ্যই রাশিয়ার প্রভাব রয়েছে। তবে রাশিয়ার সরকার ও ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে এখনো পার্থক্য রয়েছে।
উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। রাশিয়া জাতিসংঘের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তবে এরই মধ্যে একদিকে রাশিয়া ও অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী কয়েকটি দেশ যে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে, তাতে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়ে কী পরিস্থিতি সৃষ্টি হয়, তা নিয়ে অজানা আশঙ্কা তৈরি হচ্ছে। সূত্র: নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট।