বৈশ্বিক 'পরমাণু ক্লাবের' দুয়ারে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু সরবরাহকারী গ্রুপ (এনএসজি) ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থার (এমটিসিআর) সদস্যপদ লাভের জন্য ভারত সব শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে বৈঠকে এ কথা জানানো হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে মতৈক্যের ফলে ভারত বৈশ্বিক পরমাণুসংক্রান্ত ব্যবস্থাপনার অংশ হওয়ার আরও কাছাকাছি চলে এল। পরমাণু ছাড়াও ওষুধশিল্প ও মহাকাশ গবেষণার মতো বিচিত্রধর্মী ক্ষেত্রে দ্বৈত ব্যবহারের ক্ষেত্রে ভারতের জন্য এনএসজি ও এমটিসিআরের সদস্য হওয়াটা খুব জরুরি। পরমাণু গবেষণার ক্ষেত্রে এই দুটি অভিজাত ‘ক্লাবের’ পাশাপাশি ওয়াসিনার অ্যারেঞ্জমেন্ট ও অস্ট্রেলিয়া গ্রুপের সদস্য হওয়ার জন্য ভারত কয়েক বছর ধরে আলোচনা চালাচ্ছে।

এদিকে বিভিন্ন সূত্র জানিয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পারমাণবিক ব্যবহারসংক্রান্ত ‘যোগাযোগ গ্রুপ’ আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে মিলিত হচ্ছে। মোদির যুক্তরাষ্ট্র সফরে এ গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়। জানা গেছে, মোদি পরমাণু বিদ্যুতের বিষয়টি এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান চান।