বৈষম্য ঘোচাতে সর্বশক্তি প্রয়োগ করবেন ওবামা

মধ্যবিত্তের জীবনমানের উন্নয়নের ডাক দিয়ে নতুন করে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বুধবার দুটি অঙ্গরাজ্যে দেওয়া বক্তব্যে সমাজের বৈষম্য দূর করতে তিনি সর্বশক্তি প্রয়োগের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেসিডেন্ট বারাক ওবামার রাজনৈতিক এ উদ্যোগে এখন অনেকটাই বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীলরা। তাঁরা বলছেন, জনগণ আর বক্তৃতা শুনতে রাজি নয়, কাজ দেখতে চায়। স্থবির রাজনৈতিক বাস্তবতায় রিপাবলিকানদের মধ্যে অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে।
দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও ওবামা রিপাবলিকানদের তোপের মুখে। কংগ্রেসে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার কারণে প্রেসিডেন্ট ওবামার সব সংস্কার উদ্যোগ থমকে গেছে।
গত নির্বাচনের পর রিপাবলিকানদের মধ্যে অভিবাসন নিয়ে ইতিবাচক মনোভাব দেখা গেলেও প্রেসিডেন্ট ওবামার বিরোধিতা করতেই এখনো কংগ্রেসে অভিবাসন আইন পাস হয়নি। সর্বজনীন স্বাস্থ্যসেবা আইন বাস্তবায়ন নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ব্যয় সংকোচনের নামে জনগণের জন্য কল্যাণকর নানা কর্মসূচিতে বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার ব্যয় বৃদ্ধি, বাজেট প্রণয়ন, জ্বালানিনীতিসহ নানা বিষয়ে কংগ্রেসের সঙ্গে হোয়াইট হাউসের বৈরিতা এখন চরমে।
এই বৈরিতাকে পাশ কাটিয়ে ওবামা মাঠে নেমেছেন। গত বুধবার মধ্য পশ্চিমের দুটি অঙ্গরাজ্যে বক্তব্য রাখেন তিনি। শিকাগোর গেলিসবার্গ নগরে নক্স কলেজে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘জনগণের মূল সমস্যার দিকে আইনপ্রণেতাদের দৃষ্টি নেই। সম্পদশালীদের আরও সম্পদ বৃদ্ধির চলমান ধারা বন্ধ করাই এখন আমার সর্বোচ্চ অগ্রাধিকার।’
এরপর ওবামা ছুটে যান মিসৌরিতে। ইউনিভার্সিটি অব সেন্ট্রাল মিসৌরিতে জনাকীর্ণ সভায় তিনি দ্বিতীয় দফায় বক্তব্য দেন। সেখানে তিনি নতুন কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানি উত্পাদন, অবকাঠামো উন্নয়ন, সড়ক-সেতু নির্মাণ এবং শিক্ষা খাতে তাঁর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
ওবামা বলেন, চার বছরের কম বয়সী সব শিশুর জন্য প্রি-স্কুল সুবিধা নিশ্চিত করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের ৯৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট সুবিধা দেওয়া হবে। শিক্ষা খাতে অধিক বিনিয়োগ না করলে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবিত্তের প্রতি রক্ষণশীলদের অবহেলার কথা উল্লেখ করে ওবামা বলেন, সম্পদের ভারসাম্যহীনতার এ গতি আর চলতে দেওয়া যায় না। কর্মজীবীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, অভিবাসন সংস্কার আইন প্রণয়নসহ মধ্যবিত্তের সমস্যা নিয়ে সক্রিয় হওয়ার জন্য তিনি আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান।
গত পাঁচ বছরের সাফল্যের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এর মধ্যে ৭২ লাখ লোকের কর্মসংস্থান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গাড়ি তৈরির শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
দেশটির মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কাছে জনপ্রিয় প্রেসিডেন্ট ওবামার বক্তব্যে অনেকটাই চাপের মুখে পড়েছেন রিপাবলিকানরা। মাঠ গরম করা প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন স্পিকার জন বয়েনার। তিনি বলেন, ‘বক্তৃতা দিয়ে প্রেসিডেন্ট কী অর্জন করবেন? কিছুই নয়।’
ওবামার ভ্রান্ত নীতির কারণেই দেশের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন রিপাবলিকান জন বয়েনার। টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসম্যান কেভিন ব্রেডি বলেন, বক্তৃতা নয়, সরকারের ব্যয়, সবক্ষেত্রে সরকারি খবরদারি দূর না করলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থবিরতা দূর হবে না।
ওবামা তাঁর বুধবারের বক্তৃতায় বৈরিতা পরিহার করে মধ্যবিত্তের সমস্যা সমাধানে রিপাবলিকানদের সুনির্দিষ্ট প্রস্তাব আনার আহ্বান জানান।