চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি গতকাল শুক্রবার বিতর্কিত রাজনৈতিক নেতা বো শিলাইকে দল থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুরও অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।ব্রিটিশ ব্যবসায়ী নিল হেইউডকে হত্যার দায়ে কমিউনিস্ট পার্টির প্রভাবশালী এই নেতার স্ত্রী গু কাইলাই এবং তাঁর ডান হাত বলে পরিচিত পুলিশ কর্মকর্তা ওয়াং লিজুনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।কমিউনিস্ট পার্টির এক বিবৃতির বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, হেইউড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বো তাঁর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারসহ বড় ধরনের কিছু ভুল করেছেন বলে বিতর্ক ছড়িয়ে পড়েছে। এতে দল ও দেশের বড় ধরনের ক্ষতি হয়েছে।এদিকে, চীনা আইনজীবীদের দপ্তরের ফরেনসিক কর্মকর্তা ওয়াং জুমেই হেইউডের হত্যাকাণ্ডে বোর স্ত্রী গু কাইলাইয়ের সরাসরি সম্পৃক্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করে গতকাল বলেন, কমিউনিস্ট পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই বোর নাম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানো হয়েছে। রয়টার্স।