বো শিলাইয়ের যাবজ্জীবন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বো শিলাই
বো শিলাই

দুর্নীতির দায়ে দণ্ডিত চীনের কমিউনিস্ট পার্টির সাবেক প্রভাবশালী নেতা বো শিলাইয়ের আপিল গতকাল শুক্রবার উচ্চ আদালত খারিজ করে দিয়েছেন। এর ফলে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের দায়ে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বহাল রইল।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ও দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং শহরের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান বো শিলাই গত মাসে দোষী সাব্যস্ত হন। তখন তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত।
যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে পূর্ব চীনের শানদং প্রদেশের উচ্চ আদালতে গত মাসেই আপিল করেছিলেন বো শিলাই। গতকাল শুনানি শেষে আপিল খারিজ করে আদালত বলেন, ‘তাঁর (বো শিলাই) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাঁকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ যথাযথ। তা বহাল থাকবে।’
গতকাল আপিল আবেদনের ওপর শুনানি চলার সময় আদালতের দিকের সব কটি রাস্তা বন্ধ রাখা হয়। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
চীনের একমাত্র রাজনৈতিক দল ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। চীনের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের পর সম্প্রতি একদল নতুন নেতা দলের নেতৃত্বে এসেছেন। প্রেসিডেন্ট শি জিনপিংসহ অন্য নেতারা দুর্নীতি দমন করে ক্ষমতাসীন দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন।
বো শিলাইয়ের বিচার চলার সময় সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমে বারবার প্রচার করা হয়, বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করবে না। বিচার হবে অবাধ ও নিরপেক্ষ।
একজন ব্রিটিশ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত থাকার অপরাধে গত বছর বো শিলাইয়ের স্ত্রী দোষী সাব্যস্ত হন। এর জেরে তখন বো শিলাইকে দলীয় পদ থেকে বরখাস্ত করা হয়। বিবিসি।