নাইজেরিয়ার ইসলামপন্থী জঙ্গি গ্রুপ বোকো হারামের বিরুদ্ধে ‘সর্বাত্মক লড়াই’ শুরুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জনাথন গুডলাক৷ দেশে সামরিক শাসন অবসানের ১৫তম বার্ষিকী (গণতন্ত্র দিবস) উপলক্ষে দেওয়া এক ভাষণে ওই ঘোষণা দেন তিনি৷ খবর বিবিসির৷
নাইজেরিয়ায় ইসলািম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে ক্রমবর্ধমানভাবে জঙ্গিবাদী কার্যকলাপ চালিয়ে আসছে বোকো হারাম৷ গ্রুপটির যোদ্ধারা গত বুধবারও দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে হামলা চালিয়ে ৪২ জনকে হত্যা করেছে বলে হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি জানিয়েছেন৷ এর আগে গত মাসে ২০০ জনের বেশি স্কুলছাত্রীকে অপহরণের পর জিম্মি করে রেখেছে তারা৷ স্কুলছাত্রীদের মুক্তির বিনিময়ে কারাগারে বন্দী থাকা কিছু যোদ্ধার মুক্তি চায় জঙ্গি সংগঠনটি৷ তবে সরকার চলতি সপ্তাহের শুরুতে এ ধরনের একটি চুক্তি থেকে সরে এসেছে৷
নাইজেরিয়ার গণতন্ত্র দিবস উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট জনাথন বলেন, ‘নাইজেরিয়া, আমাদের প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় আমরা আমাদের প্রতিরক্ষা জোরদার করব, আমাদের স্কুলছাত্রীদের মুক্ত করব এবং নাইজেরিয়া থেকে সন্ত্রাসীদের নাম মুছে ফেলব৷’ নাইজেরিয়ার গণতন্ত্রকে সুরক্ষার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি আমাদের নিরাপত্তা বাহিনীকে সর্বাত্মক লড়াই শুরু করার নির্দেশনা দিয়েছি৷ এ অভিযানের লক্ষ্য হবে, আমাদের মাটিতে সন্ত্রাসীদের পার পেয়ে যাওয়ার বিষয়টির ইতি ঘটানো৷’
প্রেসিডেন্ট জনাথন গত বছরের মে মাসে জরুরি অবস্থা ঘোষণা করেন৷ এর আওতায় দেশের বোর্নো, আদমাবা ও ইয়োব প্রদেশে বাড়তি সংখ্যায় সেনা মোতায়েন করা হয়৷ উত্তরাঞ্চলীয় এই তিন প্রদেশেই বোকো হারামের বাড়বাড়ন্ত রয়েছে৷ জবাবে বোকো হারাম বিভিন্ন শহরের পাশাপাশি গ্রামেও বোমা হামলাসহ সন্ত্রাসী কার্যকলাপ বাড়িয়ে দিয়েছে৷