বোকো হারামের হামলায় নিহত কয়েক শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় চারটি গ্রামে সন্ত্রাসী হামলায় কয়েক শ লোক নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গি সংগঠন বোকো হারাম এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আজ শুক্রবার এএফপির খবরে এ কথা জানানো হয়।

খবরে জানানো হয়, কিছু কমিউনিটি নেতার দেওয়া তথ্যমতে, গত মঙ্গলবার বোরনো রাজ্যের গৌজা এলাকায় যে হামলা হয়েছে, এতে নিহত হওয়ার সংখ্যা ৪০০ থেকে ৫০০ জন হতে পারে। তবে এসব প্রত্যন্ত এলাকায় যোগাযোগ দুরূহ বলে খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

গতকাল বৃহস্পতিবার রাজ্য গভর্নরের বাসভবনের পাশে বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন বলে সরকারি একটি সূত্র জানিয়েছে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় যে চারটি গ্রামে হামলা চালানো হয়েছে, সেগুলো হলো গোশে, আত্তাগাড়া, আগাপালওয়া ও আগানজারা। পাঁচ বছর ধরে জঙ্গিদের হামলার প্রধান লক্ষ্য হচ্ছে বোরনো রাজ্যের গামবরু এলাকার এই চারটি গ্রাম। যেখানে গত ৫ মে পর্যন্ত কমপক্ষে ৩০০ জন নিহত হয়।

নাইজেরিয়ার নিম্নকক্ষের আইনপ্রণেতা পিটার বিয়ে বলেন, ‘ওই চার গ্রামে অনেক মানুষ নিহত হয়েছে। কিন্তু মৃতের সংখ্যা সঠিকভাবে উল্লেখ করতে পারছে না। এসব এলাকায় জঙ্গিরা এখনো বিদ্রোহ করায় কেউ সেখানে যেতেও পারছে না। ভয়ে অনেকে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে।’

জেনেভা-ভিত্তিক ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) বলছে, চরমপন্থী সংগঠন বোকো হারাম প্রতিদিন কোনো না-কোনোভাবে প্রায় ৮০০ মানুষকে তাঁদের ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করছে।