বোকো হারামের হামলায় নিহত ৪০ ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি কৃষি কলেজে জঙ্গি ইসলামপন্থী সংগঠন বোকো হারামের সদস্যদের হামলায় গতকাল রোববার অন্তত ৪০ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, জঙ্গিরা ছাত্রাবাসে ঘুমন্ত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল।
ইয়োবে প্রদেশের গুজবা শহরে অবস্থিত কৃষি কলেজে ওই হামলা চালায় বোকো হারাম। এতে আহত বেশ কয়েকজনকে প্রাদেশিক রাজধানী দামাতুরুর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সামরিক বাহিনীর সাম্প্রতিক অভিযানের জবাবে বোকো হারাম জঙ্গিরা বেসামরিক লোকজনের ওপর গত কয়েক সপ্তাহ ধরে পরিকল্পিত হামলা চালাচ্ছে। এর আগে তারা পতিস্কাম এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ২৭ শিশু শিক্ষার্থী ও একজন শিক্ষককে হত্যা করে। এএফপি ও রয়টার্স।