নাইজেরিয়ায় ২০০৯ সালের জুলাইয়ে বিদ্রোহ শুরুর পর থেকে ইসলামপন্থী দল বোকো হারামের হাতে এ পর্যন্ত কমপক্ষে ৯৩৫ জন নিহত হয়েছে। এর মধ্যে শুধু চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই নিহত হয়েছে ২৫০ জন। নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে।নাইজেরিয়ার উত্তরাঞ্চলের স্থানীয় হাউসা ভাষার শব্দ ‘বোকো হারাম’। এর অর্থ ‘পশ্চিমা শিক্ষা পাপ’। বোকো হারাম দলটিও অনেকটা আফগানিস্তানের তালেবানের মতো ধ্যান-ধারণায় বিশ্বাসী। দেশের উত্তরাঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকায় গির্জা, পুলিশ স্টেশন, সামরিক স্থাপনা, ব্যাংক ও মদের দোকানসহ বিভিন্ন স্থাপনায় বোমা হামলার দায় স্বীকার করেছে দলটি।বিদ্রোহ শুরুর পর থেকে পুলিশ, সেনাবাহিনী ও সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ করে হামলা চালিয়ে আসছে বোকো হারাম। সংগঠনটি সম্প্রতি খ্রিষ্টানদের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় হামলা জোরদার করেছে।নাইজেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর কানোতে ২০ জানুয়ারি বোমা হামলা ও বন্দুক যুদ্ধে নিহত হয় ১৮৬ জন। এটা এ যাবৎকালে বোকো হারামের সবচেয়ে ভয়াবহ হামলা। গতকাল সকালের দিকেও শহরটিতে গোলাগুলির শব্দ পাওয়া গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।এইচআরডব্লিউর পশ্চিম আফ্রিকাবিষয়ক গবেষক কোরিনি দুফকা বলেন, ‘বোকা হারামের হামলায় হতাততের ঘটনা পুরোপুরি মানবাধিকারের লঙ্ঘন। এ ধরনের অপরাধ বন্ধ করা এবং যারা করছে তাদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দায়িত্ব নাইজেরিয়া কর্তৃপক্ষের।’এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, বোকো হারাম গত বছর ১৫৫টি হামলায় চালায়। এতে নিহত হয় ৫৫০ জন। এসব হামলার বেশির ভাগই হয়েছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে। ২০০২ সালে এই প্রদেশেই বোকো হারামের প্রতিষ্ঠা। রয়টার্স।