বোগোটায় প্রকাশ্যে অস্ত্র বহন নিষিদ্ধ
কলম্বিয়ার রাজধানী বোগোটার মেয়র গুস্তাভো পেট্রো ওই শহরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করেছেন। বোগোটায় ৮০ লাখ লোকের বাস। এখানকার বাসিন্দাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে আগ্নেয়াস্ত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত।পেট্রো ১৯৮০-এর দশকে গেরিলা সংগঠন এম-১৯’র সদস্য ছিলেন। আগ্নেয়াস্ত্র বহন করার দায়ে তিনি দেড় বছরের কারাভোগ করেন। শহরে হত্যাকাণ্ডের পরিমাণ কমিয়ে আনার পরীক্ষার অংশ হিসেবে তিন মাসের জন্য তিনি এ নিষেধাজ্ঞা জারি করেছেন। গতকাল বুধবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এ নিষেধাজ্ঞার ফলে হত্যাকাণ্ডের পরিমাণ যদি উল্লেখযোগ্য হারে কমে আসে তাহলে আইনটি স্থায়ীভাবে কার্যকর করা হবে। কলম্বিয়ার সংবিধান অনুযায়ী, প্রত্যেক নাগরিক অনুমতি নিয়ে অস্ত্র বহন ও রাখতে পারেন। মেয়রের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিগত এক হাজার ১৬টি হত্যাকাণ্ডের ঘটনার মাত্র ১০ শতাংশ বৈধ অস্ত্র দিয়ে সংঘটিত হয়েছে। তবে গবেষণায় দেখা গেছে, এর আগে অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা দেশটির অন্য স্থানগুলোতে ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে হত্যাকাণ্ডের পরিমাণ ২৩ শতাংশ হ্রাস পেয়েছে। দ্য টেলিগ্রাফ