স্থানীয় কর্তৃপক্ষ ও ন্যাটো জোটের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতেই আফগানিস্তান থেকে ফরাসি সেনা প্রত্যাহার করা হবে। আফগানিস্তান সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকাল শুক্রবার এ কথা বলেন।আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশের নিজরাব ঘাঁটিতে অবস্থানরত ফরাসি সেনাদের সঙ্গে ওলাঁদ গতকাল কথা বলেন। সেখানে মোতায়েন রয়েছে ফ্রান্সের সাড়ে তিন হাজারের বেশি সেনাসদস্য। আফগানিস্তান থেকে তাঁদের প্রত্যাহার শুরু হতে পারে কয়েক দিনের মধ্যে।মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর আগেই আফগানিস্তান থেকে ফরাসি সেনাদের ফিরিয়ে নেওয়ার পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করে ওলাঁদ বলেন, আফগান কর্তৃপক্ষসহ বিভিন্ন মিত্রদেশের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ফ্রান্সের এ সিদ্ধান্তের কারণ সম্পর্কে জানেন। বিদেশি সেনাদের পুরোপুরি প্রত্যাহার না করলে আফগানিস্তান থেকে ফ্রান্স ও বিভিন্ন মিত্রদেশের ওপর সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকেই যাবে। তাই আফগানরাই এখন নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে দেশটিতে ফ্রান্সের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখা হবে।প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওলাঁদ এই প্রথম আফগানিস্তান সফরে যান। তাঁর সফরসঙ্গী ছিলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যাঁ ইয়ুভ লো দিয়াঁ, পররাষ্ট্রমন্ত্রী লরোঁ ফবিউ এবং শীর্ষ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল এদুয়া গিলদ। পূর্বঘোষণা ছাড়াই এ সফরে যান ওলাঁদ।ফরাসি সেনাদের সঙ্গে সাক্ষাতের পর প্রেসিডেন্ট প্রাসাদে হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন ফ্রাঁসোয়া ওলাঁদ। পরে দুজনেই হাজির হন সংবাদ সম্মেলনে।আফগানিস্তানে ২০০১ সাল থেকে এ পর্যন্ত ৮৩ জন ফরাসি সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে তালেবানবিরোধী অভিযান শুরু করে। ন্যাটোর অন্য সদস্যদেশগুলো ২০১৪ সালের শেষ নাগাদ সেখান থেকে সেনা প্রত্যাহার করবে। ন্যাটোর এক লাখ ৩০ হাজার সেনা বর্তমানে আফগানিস্তানে লড়াই করছে। এএফপি।