বোতলের চিরকুট সংগ্রহ যখন শখ
বোতলে চিরকুট ভরে ছিপি আটকে সাগরে বা নদীতে ফেলার রেওয়াজ বহু পুরোনো। মূলত মাঝসাগরে বিপদে পড়ে সাহায্য চেয়ে বার্তা (এসওএস) পাঠাতেই অতীতে এই কায়দা অনুসরণ করা হতো।
সাহায্য চেয়ে বার্তা পাঠানো ছাড়াও শুভ কামনা প্রকাশ করেও চিরকুট লিখে তা বোতলে ভরে ভাসিয়ে দেওয়া হতো। যদি কেউ কখনো ওই বোতল খুলে বার্তাটি পায়—এমন আশায় বুক বেঁধে বোতল ‘বিসর্জন’ দেওয়া হতো।
এমন ধরনের ‘বোতল বার্তা’ সংগ্রহ করে আসছেন ব্রিটিশ নাগরিক নিকোলা হোয়াইট। ঘটনাক্রমে ২০১১ সালে টেমস নদীতে প্রথম ‘বোতল বার্তা’ পান নিকোলা। সেই থেকে শুরু তাঁর সংগ্রহ অভিযান। বর্তমানে তাঁর সংগ্রহে আছে ৩০টি বোতলে ভাসানো পুরোনো চিরকুট।
নিকোলা যে শুধু বোতলে ভরা চিরকুট সংগ্রহ করেন, তা নয়। নিজেও চিরকুট বোতলে ভরে নদীতে ভাসান। একই সঙ্গে তিনি প্লাস্টিকের বোতলের পরিবর্তে পরিবেশবান্ধব কাচের বোতলে চিরকুট ভাসানোর জন্য অন্যদের উত্সাহিত করেন। খবর বিসিসির।