বোমা থেকে রক্ষা পেলেন আদভানি
ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানিতে হত্যার উদ্দেশে একটি বোমা পেতে রাখা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিস্ফোরিত হওয়ার আগেই গতকাল শুক্রবার বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।তামিলনাড়ু রাজ্যের মাদুরাই অঞ্চলের একটি গ্রামের একটি সেতুর নিচে ওই পাইপ-বোমাটি পাওয়া যায়। মাদুরাই শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে থিরুমঙ্গলম এলাকার আলমপাত্তি নামক স্থানে ওই সেতুটি পার হয়ে বিরুধুনগর জেলায় যাওয়ার কথা ছিল আদভানির। পরে তিনি অন্য রাস্তা ব্যবহার করে সেখানে পৌঁছান। লালকৃষ্ণ আদভানি বর্তমানে ‘জনচেতনা যাত্রা’ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন।পুলিশ সূত্র জানায়, পলি ভিনাইল ক্লোরাইডের (পিভিসি) তৈরি ছয় ফুট লম্বা ওই পাইপটি একটি সেতুর নিচে লুকিয়ে রাখা হয়। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিস্ফোরকদ্র্রব্যে ভরা ওই পাইপটি প্রায় আধা কিলোমিটার দূরে রাখা একটি ব্যাটারির সঙ্গে সংযোজিত ছিল। এম সেলভারাজ নামের এক ব্যক্তি গতকাল ভোর ছয়টার দিকে ওই বোমাটি দেখতে পেয়ে গ্রামবাসীকে জানান। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।