বোমা বানানোর কৌশল সরিয়ে কেকের প্রস্তুতপ্রণালি!
ভবিষ্যতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে ইচ্ছুক, তাদের ধোঁকার চক্করে ফেলে বেশ নাকানিচুবানি খাইয়েছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআইসিক্স। আর তা ঘটেছে ইন্টারনেটে জঙ্গিদের ওয়েবসাইটে ব্রিটিশ গোয়েন্দাদের হ্যাকিংয়ের মাধ্যমে। বোমা বানানোর কৌশল জানতে ইচ্ছুক ভবিষ্যৎ জঙ্গিরা ওই ওয়েবসাইটে জানতে পারে ‘কাপকেক’ বানানোর পদ্ধতি। গত শুক্রবার যুক্তরাজ্যের দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা যায়।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আল-কায়েদা তাদের অনলাইন জিহাদি সাময়িকী ইনসপায়ার-এর মাধ্যমে নতুন সদস্য নেওয়ার চেষ্টা চালায়। ইংরেজি ভাষার সাময়িকীটির প্রকাশক আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)। জঙ্গি তৎপরতায় আগ্রহী ব্যক্তিদের জন্য ইন্টারনেটে বোমা তৈরির নির্দেশনা দেয় তারা। কিন্তু অনুসারীরা যখন বোমা তৈরির পদ্ধতি অনুসরণে ৬৭ পৃষ্ঠার সাময়িকীটি ডাউনলোড করতে যায়, তখন তাদের সামনে একটি সংকেত তুলে ধরে কম্পিটার। এই সংকেত অনুসরণ করতে গিয়ে তারা খুঁজে পায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো কাপকেক তৈরির প্রস্তুতপ্রণালি। এই কাণ্ডটি করে রেখেছে এমআইসিক্স। হ্যাকিংয়ের মাধ্যমে তারা ইনসপায়ার-এর ওয়েবসাইট থেকে বোমা তৈরির পদ্ধতি সরিয়ে সেখানে কেক তৈরির প্রণালী জুড়ে দেয়। এতে বোমা বানানোর কৌশল জানতে ইচ্ছুক আগ্রহীরা ‘মেক আ বম্ব ইন দ্য কিচেন অব ইউর মাম’ বিষয়টিতে ঢুকতে গিয়ে পেয়ে যায় ‘দ্য বেস্ট কাপকেকস ইন আমেরিকা’। এএফপি, পিটিআই।