বোমা শনাক্তকারী যন্ত্র নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে বোমা শনাক্তকারী যন্ত্র তৈরির এক কোম্পানির পরিচালককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। একই সঙ্গে ব্রিটিশ সরকার এ যন্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই কোম্পানি ২০টি দেশে বোমা শনাক্তকারী যন্ত্র রপ্তানি করত। সমারসেট পুলিশ জানায়, বোমা শনাক্তকারী যন্ত্রটি ভুয়া সন্দেহে যন্ত্রটির ব্রিটেনভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান এটিএসসির পরিচালক জিম ম্যাককরমিককে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ বলেছে, জিম ম্যাককরমিককে গ্রেপ্তারের পরপরই জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এ কারণে অধিকতর তদন্তের কাজ বিঘ্নিত হতে পারে। পুলিশ জানায়, রপ্তানির পর এ যন্ত্রটি ইরাকে কাজ করেনি, ফলে সেখানে অনেক বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রাণ দিয়েছে শত শত মানুষ।এদিকে এটিএসসির তৈরি বিস্ফোরক শনাক্তকারী যন্ত্র এডিই৬৫১-এর রপ্তানি নিষিদ্ধ করেছে ব্রিটিশ সরকার। ইরাকি পুলিশ ইতিমধ্যে বিপুল পরিমাণে যন্ত্রটি আমদানি করেছে।ব্রিটেনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘পরীক্ষা করে দেখা গেছে, এডিই৬৫১ যন্ত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা বিস্ফোরক শনাক্ত করতে সমর্থ নয়। বিষয়টি আমাদের নজরে আসা মাত্রই এ যন্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।’ বিবৃতিতে আরও বলা হয়, এটা খুবই উদ্বেগের বিষয় যে, এ যন্ত্র বিস্ফোরক শনাক্তকরণের কাজে ব্যবহূত হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ইরাক ও আফগানিস্তানে এ যন্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ দুই দেশে ব্রিটেনের বন্ধুপ্রতিম দেশগুলোর সেনাদের ঝুঁকির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে বাগদাদে ব্রিটিশ দূতাবাস ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। এ বিষয়ে তদন্তকাজে ব্রিটেনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।ইরাক সরকার এ যন্ত্র আমদানি বাবদ ইতিমধ্যে সাড়ে আট কোটি ডলার খরচ করেছে। প্রতিটি যন্ত্রের জন্য ৪০ হাজার ডলার ব্যয় হয়েছে। এসব যন্ত্র নিরাপত্তা চৌকিতে ব্যবহার করা হচ্ছে। বেশির ভাগ যন্ত্র ব্যবহার করা হচ্ছে বাগদাদে। তবে পশ্চিমা কোনো দেশ এ যন্ত্র ব্যবহার করছে না বলে নিশ্চিত করা হয়েছে।ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বিস্ফোরক শনাক্তকারী এই ভুয়া যন্ত্র তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। শিগগিরই এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। খবর এএফপি ও বিবিসির।