বোমাটি রাখা ছিল বাজারে একটি ফলের বাক্সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে একটি বাজারে গতকাল বুধবার শক্তিশালী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১০০ জন। আহত ব্যক্তিদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, সবজি মান্দি এলাকায় স্থানীয় সময় সকাল আটটার দিকে পাইকারি সবজি ও ফলের বাজারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ফলের বাক্সে অন্তত পাঁচ কেজি ওজনের বোমাটি রাখা ছিল। পরে দূরনিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে এর বিস্ফোরণ ঘটানো হয়। পাঞ্জাব প্রদেশ থেকে ওই ফলের বাক্সগুলো আনা হয়েছিল। হামলায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। এর আগের দিন বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় ১৩ জন নিহত হয়।

এক বিবৃতিতে পাকিস্তানের তেহরিক-ই-তালেবান (টিটিপি) জঙ্গিরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, জনসমাগমস্থলে হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করা দুঃখজনক ও ইসলামে তা নিষিদ্ধ। এই হামলায় তারা জড়িত নয় বলেও দাবি করে টিটিপি। অন্য কোনো জঙ্গিগোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

শান্তি আলোচনার অংশ হিসেবে সরকার ও তালেবান জঙ্গিদের মধ্যে বর্তমানে অস্ত্রবিরতি চলছে।

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই হামলার নিন্দা জানিয়ে বলেন, শত্রুরা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। তবে সরকার শান্তির আলোচনা অব্যাহত রাখার চেষ্টা করবে। বিবিসি ও ডন।