বোমায় বিধ্বস্ত হতে পারে রুশ বিমানটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সিনাই উপত্যকার পার্বত্য এলাকায় গত শনিবার যাত্রীবাহী রুশ বিমান বিধ্বস্ত হওয়ার কারণ বোমার বিস্ফোরণ—যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রও এবার এ আশঙ্কার কথা জানাল। গত বুধবার দেশ দুটি এ আশঙ্কা ব্যক্ত করার আগে থেকেই বিভিন্ন মহল এ ঘটনায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জড়িত থাকার সম্ভাবনা জোরালোভাবে তুলে ধরছিল। খবর এএফপি, রয়টার্স ও গার্ডিয়ানের।
বোমা বিস্ফোরণে রাশিয়ার কোগালিমাভিয়া এয়ারলাইনসের এয়ারবাস এ-৩২১ বিধ্বস্ত হওয়ার এমন আশঙ্কা ও সম্ভাবনার মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড মিসরের লোহিতসাগর-তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র শারম আল-শেখে বিমানের আসা-যাওয়া সাময়িকভাবে স্থগিত করেছে। শনিবার বিধ্বস্ত রুশ বিমানটি এখান থেকেই উড্ডয়ন করে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ শহরে যাচ্ছিল। ওই ঘটনায় ২২৪ আরোহী নিহত হন।
কোগালিমাভিয়া এয়ারলাইনসও গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, বাড়তি পরীক্ষা-নিরীক্ষার জন্য তারা সব এয়ারবাস এ-৩২১-এর উড্ডয়ন আপাতত বন্ধ রাখছে।
বুধবার একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে বোমা বিস্ফোরণের সম্ভাবনাই প্রবল। এটি আইএস করে থাকতে পারে।’ একই দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দপ্তর বলেছিল, ‘আরও যেসব তথ্য বেরিয়ে এসেছে তাতে আমাদের মধ্যে এই উদ্বেগ জন্ম নিয়েছে, খুব সম্ভব কোনো বিস্ফোরক উপকরণের সাহায্যেই বিমানটি ভূপাতিত করা হয়েছে।’
গতকাল যুক্তরাজ্যের লন্ডনে প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির এক বৈঠক অনুষ্ঠানের আগে বিমানটির বিধ্বস্ত হওয়ার রহস্য নিয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এমন আশঙ্কা জানাল। সম্প্রতি সিসি বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে আইএসের জড়িত থাকার দাবি উড়িয়ে দিয়ে তাকে অপপ্রচার বলে উল্লেখ করেছিলেন।
মিসর ছাড়াও রাশিয়া ওই ঘটনায় আইএসের জড়িত থাকার দাবি নাকচ করে দিয়েছে। আর আগের মতো বুধবার আইএস বিমানটি ভূপাতিত করার ফের দাবি করেছে। বিমানটির পরিচালনাকারী সংস্থা কোগালিমাভিয়া এয়ারলাইনস এটি বিধ্বস্ত হওয়ার জন্য কোনো কারিগরি বা মনুষ্যসৃষ্ট ত্রুটিকে নাকচ করে দিয়েছে।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি সামরিক স্যাটেলাইট ঘটনার সময় সিনাই মরুভূমির আকাশে তাপের এক আকস্মিক বিচ্ছুরণ চিহ্নিত করেছিল বলে খবর বের হয়। এ থেকে বিমানটিতে একটি বিস্ফোরণ ঘটার মতো সম্ভাব্য বিপর্যয়ের ইঙ্গিত মেলে।
বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনো রহস্যাবৃত রয়ে গেছে। বিশ্লেষকেরা বলছেন, আইএসের ওই দাবি সঠিক বলে প্রমাণিত হলে, তা হবে সংগঠনটির জন্য কোনো যাত্রীবাহী বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার প্রথম ঘটনা।
মিসরের কর্মকর্তারা জানান, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিমান বিধ্বস্ত হওয়ার রহস্য উদ্ঘাটনে এর দুই ব্ল্যাকবক্সের একটি থেকে এরই মধ্যে ধারণকৃত তথ্য বের করে এনেছেন তদন্তকারীরা। তবে অন্য ব্ল্যাকবক্সটি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক কাজ বাকি রয়েছে।
সন্ত্রাসবাদবিরোধী লড়াই নিয়ে প্রশ্ন: আইএস যদি যাত্রীবাহী রুশ বিমানটি ভূপাতিত করে থাকে বা এ রকম একটি বিমান ভূপাতিত করার সক্ষমতা তার থাকে, তবে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের অর্থ প্রশ্নের মুখে পড়বে। দ্য গার্ডিয়ান-এ গতকাল প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে এ কথা উল্লেখ করা হয়।
নিবন্ধে বলা হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা ধারণা করছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার ক্ষেত্রে আইএসের জড়িত থাকার ‘গুরুত্বপূর্ণ সম্ভাবনা’ রয়েছে। এটি ঠিক হলে গোষ্ঠীটির এ কাজ তার সক্ষমতা ও কৌশলগত লক্ষ্য বাড়ানোকেই নির্দেশ করবে। এ ছাড়া সামনে নিয়ে আসবে গোষ্ঠীটির বৈশ্বিক তৎপরতার চেয়ে অব্যাহতভাবে আঞ্চলিক প্রভাব বিস্তারের বিষয়টিকে।