বোমার আঘাতে তছনছ তারানার পরিবার
সেদিন ছিল পবিত্র আশুরার দিন। নতুন সবুজ পোশাক পরে স্বজনদের সঙ্গে মাজারে গিয়েছিল আফগান শিশু তারানা আকবারি (১২)। কাবুলের ওই মাজারে ধর্মীয় অনুষ্ঠান চলছে, এমন সময় ঘটে গেল নারকীয় কাণ্ড। একটি বোমার বিস্ফোরণ লন্ডভন্ড করে দিল সবকিছু। ওই বোমা হামলায় ৭০ জনের বেশি লোকের প্রাণহানি ঘটে। তারানার পরিবার থেকে ঝরে গেছে সাতটি তরতাজা প্রাণ। এর মধ্যে তার সাত বছর বয়সী ছোট ভাই শোয়েবও রয়েছে। ৬ ডিসেম্বরের সেই বেদনাদায়ক ঘটনার কথা স্মরণ করে তারানা বলে, ‘হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণ হলো। মনে হলো যেন গোটা পৃথিবীটাই উল্টে গেল, আর দেয়ালটা ধসে পড়ল আমার ওপর। আমি যখন উঠে দাঁড়ালাম, দেখলাম, আমার চারপাশের সবাই রক্তাক্ত। আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম।’আফগানিস্তানে ১৯৯২ সাল থেকে গৃহযুদ্ধ চলাকালে পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিল তারানার পরিবার। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে তালেবানের পতনের পর ২০০২ সালে দেশে ফেরে তারা। দেশে ফিরে নতুন করে জীবন শুরু করেছিল পরিবারটি। দিন গুনছিল শান্তি ও সমৃদ্ধির। কিন্তু একটি বোমার বিস্ফোরণ গুঁড়িয়ে দিল তাদের সেই স্বপ্নসাধ। তারানার মা বিবি হাওয়া বলেন, ‘আমার হূদয়টা ভেঙে খানখান! পরিবারের সদস্যদের আর দেখতে পাব না, এটা অনেক কষ্টের।’ওই ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু কাবুলের মুরাদখানি এলাকায় তারানার বাড়িটি এখনো শোকে স্তব্ধ। তারানা চোর-পুলিশ ও মার্বেল খেলতে পছন্দ করত। কিন্তু এখন সে শুয়ে থাকে কম্বলে গা ঢেকে। দুই চোখে সব সময় কেমন উদাস দৃষ্টি। বোমা হামলায় আহত হয়ে তিন দিন হাসপাতালে ছিল তারানা। তার পায়ে এখনো ব্যান্ডেজ বাঁধা। মাঝেমধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার চেষ্টা করে। তারানার এই খুঁড়িয়ে চলা যেন তার সমাজেরই খুঁড়িয়ে চলার চিত্র। এএফপি।