বোমার হুমকিতে তুরস্কগামী বিমান নামল কানাডায়
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইনসের একটি বিমান বোমা হামলার হুমকি পেয়ে গন্তব্যস্থল তুরস্কে না গিয়ে কানাডায় অবতরণ করে। ২৫৬ জন আরোহীসহ বিমানটি পূর্ব কানাডার হ্যালিফ্যাক্স বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে। খবর এএফপি ও বিবিসির।
কানাডার পুলিশ বলেছে, হুমকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে তদন্তের গোপনীয়তার স্বার্থে হুমকির বিষয়ে বিস্তারিত কিছু বলা হবে না।
প্যারিস হামলার পর বিশ্বজুড়ে, বিশেষত পশ্চিমা দেশগুলোতে যখন নিরাপত্তা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি চলছে, তখন এ ঘটনা ঘটল।
কানাডার নোভা স্কশিয়া প্রদেশের মাউন্টেড পুলিশ বাহিনী টুইটারে বলেছে, স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে বোমা হামলার হুমকিটি পাওয়া যায়। ততক্ষণে বিমানটি জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ছেড়ে তুরস্কের দিকে রওনা হয়ে গেছে। পরে এটি গতিপথ পরিবর্তন করে রাত ১২টা ৫৩ মিনিটে হ্যালিফ্যাক্স বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সুষ্ঠুভাবে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। প্রশিক্ষিত কুকুর দিয়ে উড়োজাহাজের বিভিন্ন অংশ ও যাত্রীদের মালপত্র পরীক্ষা করে দেখা হচ্ছিল।
গত মঙ্গলবার একইভাবে বোমা হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সগামী দুটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়।