বোমায় ইরাকি গোয়েন্দা একাডেমির প্রধান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের উত্তরাঞ্চলের তাল আফার শহরে এক আত্মঘাতী বোমা হামলায় দুই দেহরক্ষীসহ দেশটির গোয়েন্দা একাডেমির প্রধান আলী আউনি নিহত হয়েছেন। পুলিশ জানায়, একজন আত্মঘাতী হামলাকারী ওই শহরে আলী আউনির বাসার কাছে বিস্ফোরকভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটায়। এতে তিনি ও তাঁর দুই দেহরক্ষী নিহত হন। আলী আউনির ওপর ওই হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতার জন্য আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট দেশটির সুন্নি বিদ্রোহীদের দায়ী করা হয়ে থাকে। চলতি বছর শুরু থেকে ইরাকের বিভিন্ন শহরে যেসব ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, এটি সেগুলোর মধ্যে সাম্প্রতিকতম ঘটনা। এসব হামলায় এরই মধ্যে নিহত হয়েছে কয়েক শ মানুষ।তাল আফার শহরটি সিরিয়া সীমান্ত থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯০ মাইল) পূর্বে এবং বাগদাদ থেকে ৪২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। স্থানীয় কর্মকর্তারা জানান, চলতি মাসের শুরুর দিকে ইরাকের প্রধানত শিয়া-অধ্যুষিত এলাকাগুলোতে বোমা হামলার ঘটনায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। বিবিসি।