বোমায় নিহত ৪৫ করাচি অচল
পাকিস্তানের করাচি শহরে গাড়িবোমা বিস্ফোরণে ৪৫ জন নিহত হওয়ার ঘটনায় শহরটি কার্যত অচল হয়ে পড়েছে। গত রোববার দুপুরে শিয়া-অধ্যুষিত আব্বাস টাউন এলাকার একটি পাঁচতলা ভবনের নিচে রাখা গাড়িবোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সরকার এক দিনের এবং শিয়া সম্প্রদায় তিন দিনের শোক ঘোষণা করেছে। এ ঘোষণার পর শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান এবং মার্কেটগুলো বন্ধ হয়ে যায়।রোববার দুপুরে গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কেউ দায়িত্ব স্বীকার না করলেও সুন্নিদের উগ্রপন্থী সংগঠন লস্কর-ই-জঙ্গির দিকে ইঙ্গিত করছেন পাকিস্তানের কর্মকর্তারা। এই সংগঠনটি এর আগে কোয়েটায় শিয়াদের ওপর এবং পাকিস্তানি তালেবান জঙ্গিদের ওপর বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীগত হত্যাকাণ্ড ও বোমা হামলা বন্ধ করতে না পারা এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে না পারার জন্য সরকারের কঠোর সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো ও সাধারণ মানুষ।রোববারের ঘটনায় বড় ভাইকে হারিয়েছেন শিয়া সম্প্রদায়ের মহসিন আলী (২৯)। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা আমাদের মেরে ফেলছে, কিন্তু তাদের প্রতিরোধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।’বোমার ঘটনায় নিহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে গেছেন সুন্নি মুসলমান আজম খান। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের মোকাবিলা করতে সরকারের উচিত আমাদের কাছে অস্ত্র সরবরাহ করা। যারা এই সন্ত্রাসীদের বিনাশ করবে, আমরা তাদেরই ভোট দেব। আমরা আর শুধু স্লোগানে বিভ্রান্ত হব না।’পাকিস্তানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে করাচি শহর। বার্ষিক প্রবৃদ্ধির ৪২ শতাংশ, আয়করের ৭০ শতাংশ ও বিক্রয় করের ৬২ শতাংশই আসে এই শহর থেকে। কিন্তু গোষ্ঠীগত, জাতিগত ও রাজনৈতিক সহিংসতায় শহরটি এখন বিপর্যস্ত। কেবল গত বছরে এই শহরে দুই হাজার ২০০ মানুষকে হত্যা করা হয়েছে।সহিংসতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র: ইমরান খানসাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান গতকাল সোমবার বলেছেন, পাকিস্তানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সহিংসতা বৃদ্ধির পেছনে বৃহত্তর ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ কাজ করছে। তিনি বলেন, ‘ইরাক, লেবানন ও বাহরাইনের মতো পাকিস্তানের গোষ্ঠীগত সহিংসতা এক বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই অংশ।’ইমরান খান সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশে বিরাজমান এই পরিস্থিতির দিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির নজর দেওয়ার সময় নেই। দুর্নীতিবাজ রাজনীতিবিদেরা গত পাঁচ বছরে কোটিপতি বনে গেছেন।’আগামী নির্বাচনে ক্ষমতায় বসতে দেশের প্রধান দুই রাজনৈতিক দল সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে আসন ভাগাভাগি সেরেছে বলেও অভিযোগ করেন ইমরান খান। তিনি আরও অভিযোগ করেন, সিন্ধুর রাজনৈতিক দলগুলো সাম্প্রদায়িক সহিংসতার পেছনে সক্রিয় সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে।তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান দেশের জনগণকে আগামী নির্বাচনে বিচক্ষণতার সঙ্গে ভোট দেওয়ার এবং সশস্ত্র জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট দলগুলোকে নির্বাচিত না করার আহ্বান জানান। এএফপি ও ডন।