বোর শহরের অদূরে দুই পক্ষের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানে সরকারি বাহিনীর সঙ্গে মিলিশিয়া বাহিনী হোয়াইট আর্মির লড়াই শুরু হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোর শহরের অদূরে দুই পক্ষের মধ্যে এ লড়াই চলছে।
সরকারের অভিযোগ, অস্ত্রবিরতি প্রস্তাব না মেনে হোয়াইট আর্মি বোর শহর অভিমুখে যাত্রা করে। তাদের ঠেকাতে গেলে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ আগুয়ের দাবি করেন, কিছু স্থানে বিদ্রোহীরা পিছু হটেছে। তাদের ঠেকাতে হেলিকপ্টার গানশিপ ব্যবহার করা হয়েছে।
দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল মাকেয়ি দাবি করেন, হোয়াইট আর্মির অনেক সদস্যই ফিরে গেছেন। জংলেই রাজ্যের নুয়ের গোষ্ঠীর নেতারা হোয়াইট আর্মির অনেক সদস্যকেই বুঝিয়ে বাড়ি ফেরত পাঠিয়েছেন। তবে তিনি স্বীকার করেন, কিছু বিদ্রোহী বাড়ি ফিরে যেতে অস্বীকার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোর শহরের অবশিষ্ট বাসিন্দারাও আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। গত ১৫ ডিসেম্বর সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ ছড়িয়ে পরার পরই বোর শহর দখল করে নিয়েছিল বিদ্রোহীরা। তখন শহরের অধিকাংশ বাসিন্দা বাড়িঘর ছেড়ে চলে যান। কয়েক দিন আগে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় সরকারি বাহিনী।
হোয়াইট আর্মি জাতিগত নুয়ের গোষ্ঠীর তরুণদের নিয়ে গঠিত। সামরিক প্রশিক্ষণবিহীন এই বাহিনী বিদ্রোহীদের নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত বলে ধারণা করা হয়। মাচারও নুয়ের গোষ্ঠীর। জানা যায়, হোয়াইট আর্মিতে ২৫ হাজার তরুণ রয়েছে।
বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানে ১৫ ডিসেম্বর ‘ব্যর্থ অভুত্থান চেষ্টার’ পর সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট সালভা কির অভিযোগ করেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতে রিক মাচারের সমর্থকেরা অভ্যুত্থানের চেষ্টা করে। যদিও মাচার তা অস্বীকার করেছেন। আল-জাজিরা।